বাংলাদেশ, চীন, ভারতসহ ১৪টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অভিযোগ উঠেছে, এসব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিগুলোতে নিজেদের শর্ত ও সুবিধা আদায়ের জন্য যুক্তরাষ্ট্র এই শুল্ক আরোপকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আলজাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতরর (ইউএসটিআর) বুধবার নতুন শুল্ক আরোপের প্রস্তাব ঘোষণা করে। লক্ষ্যবস্তু করা ১৪টি দেশ ও অর্থনৈতিক অঞ্চলের মধ্যে রয়েছে চীন, বাংলাদেশ, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
দেশভেদে প্রস্তাবিত শুল্কের হার ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি চাপের মুখে পড়তে পারে চীন। দেশটির পণ্যে শুল্কের হার সর্বোচ্চ ৪০ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব দেশ অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা তৈরি করে বিশ্ববাজারে কম দামে পণ্য সরবরাহ করছে। সরকারি ভর্তুকি, শ্রমিকদের মজুরি নিয়ন্ত্রণ এবং বিভিন্ন শিল্পনীতির মাধ্যমে নিজেদের উৎপাদকদের অন্যায্য সুবিধা দেওয়া হচ্ছে বলে দাবি ওয়াশিংটনের।
তবে বিশ্লেষকদের মতে, নতুন শুল্ক প্রস্তাবের পেছনে শুধু শিল্প উৎপাদন নিয়ে উদ্বেগ নয়, বরং বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্রের অবস্থান শক্তিশালী করার কৌশলও কাজ করছে।
শুল্কগুলো ঠিক কবে থেকে কার্যকর হবে তা স্পষ্ট নয়, তবে একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা এএফপি সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে, এগুলো সম্ভবত জানুয়ারির শুরুতেই কার্যকর হবে।
বাণিজ্য চুক্তিতে চাপ সৃষ্টির কৌশল?
এই শুল্ক ঘোষণাটি এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র চীন, ভারত, ভিয়েতনাম ও সিঙ্গাপুরসহ লক্ষ্যবস্তু দেশগুলোর কয়েকটির সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে এবং প্রস্তাবিত শুল্ক হারের কয়েকটি স্পষ্টভাবে সেই আলোচনার ফলাফলের সঙ্গে যুক্ত।
আলজাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এখনো চূড়ান্ত বাণিজ্য চুক্তি হয়নি, তাদের ওপর শুল্কের চাপ তুলনামূলক বেশি। ফলে দেশগুলোকে ওয়াশিংটনের সঙ্গে দ্রুত সমঝোতায় আসতে উৎসাহিত করার একটি কৌশল হিসেবে এই প্রস্তাবকে দেখা হচ্ছে।
প্রস্তাব অনুযায়ী, চীনের সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক সমঝোতা ভেঙে গেলে দেশটির পণ্যে শুল্কের হার ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। আগামী ১০ জানুয়ারি বর্তমান সমঝোতার মেয়াদ শেষ হওয়ার কথা।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হলে ভিয়েতনামের পণ্যে শুল্কের হার ২০ শতাংশে সীমিত থাকতে পারে। আলোচনা ব্যর্থ হলে তা বেড়ে ৩৫ শতাংশ হতে পারে। ভারতের ক্ষেত্রে চুক্তি হলে শুল্কের হার ১৭ শতাংশ এবং চুক্তি না হলে ২৫ শতাংশ হতে পারে। সিঙ্গাপুরের ক্ষেত্রে এই হার যথাক্রমে ১০ ও ২০ শতাংশ।
আটলান্টিক কাউন্সিলের জিওইকোনমিকস সেন্টারের সহকারী পরিচালক ম্যাডেলিন চালেকি মনে করেন, শুল্ক আরোপের হুমকি অনেক সময় প্রকৃত শুল্কের চেয়েও কার্যকর দর-কষাকষির হাতিয়ার হতে পারে।
অন্যদিকে লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের আইন অনুষদের সহকারী অধ্যাপক মোনা পলসেন আলজাজিরাকে বলেন, শুল্কের বাইরেও যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা নিয়ে বড় উদ্বেগের বিষয় হলো, এসব আলোচনা শুরু থেকেই অসম ক্ষমতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে কি না।
তার মতে, এসব আলোচনায় দুই বা ততোধিক দেশের পারস্পরিক সহযোগিতার চেয়ে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কি না, সেটিই মূল প্রশ্ন।
অন্য কোনো কারণ থাকতে পারে কি?
ট্রাম্প কেন এখন নতুন করে শুল্ক আরোপের উদ্যোগ নিচ্ছেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কয়েকজন বিশ্লেষকের মতে, চলতি বছরের শুরুতে তাঁর ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ক সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ার পরও ট্রাম্প দীর্ঘমেয়াদি একটি শুল্কব্যবস্থা গড়ে তুলতে চাইছেন।
আটলান্টিক কাউন্সিলের আন্তর্জাতিক অর্থনীতি বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও চেয়ারম্যান জশ লিপস্কি বলেন, ট্রাম্প প্রশাসনের সর্বশেষ ঘোষণা এমন একটি ‘শুল্কের নেটওয়ার্ক’ তৈরির প্রচেষ্টা বলে মনে হচ্ছে, যা বর্তমান প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার পরও কার্যকর থাকবে।
জর্জটাউন ইউনিভার্সিটি ল সেন্টারের আন্তর্জাতিক আইনের অধ্যাপক গ্রেগরি শ্যাফার আলজাজিরাকে বলেন, কংগ্রেসের সঙ্গে আলোচনা বা অনুমোদনের প্রক্রিয়ায় না গিয়েই ট্রাম্প বিশ্বব্যাপী শুল্ক আরোপের চেষ্টা করছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সিনেটর রন ওয়াইডেন এ উদ্যোগের সমালোচনা করেছেন। আগামী বছরের নতুন কংগ্রেসে সিনেটের অর্থবিষয়ক কমিটির চেয়ারম্যান হওয়ার কথা রয়েছে তাঁর।
ট্রাম্পের নতুন শুল্ক আরোপের উদ্যোগকে ‘অবৈধ বৈশ্বিক শুল্ক পুনর্গঠনের নির্লজ্জ প্রচেষ্টা’ বলে অভিহিত করেছেন ওয়াইডেন।
তিনি বলেন, ‘বিশ্বব্যাপী অতিরিক্ত উৎপাদন সক্ষমতা একটি গুরুতর সমস্যা। তবে ট্রাম্পের একতরফা শুল্ক আরোপ, যার ফলে পণ্যের দাম বাড়বে, সেটি এই সমস্যার সমাধান নয়।’
নতুন শুল্ক নিয়ে দেশগুলোর প্রতিক্রিয়া
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের প্রস্তাবের সমালোচনা করেছে কয়েকটি লক্ষ্যবস্তু দেশ ও অর্থনৈতিক জোট। অন্যদিকে কিছু দেশ ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করার প্রচেষ্টা আরও জোরদার করার ঘোষণা দিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘রাজনৈতিক কারসাজির’ অভিযোগ তুলেছেন।
তিনি বলেন, তথাকথিত ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’ কোনো বাস্তব সমস্যা নয়, এটি একটি মিথ্যা ইস্যু।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়াদং যুক্তরাষ্ট্রকে তাদের ‘ভুল পদক্ষেপ সংশোধনের’ আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বেইজিং প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে বলেও সতর্ক করেছেন তিনি।
নতুন শুল্কনীতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সিঙ্গাপুরও। দেশটি এ উদ্যোগে হতাশা প্রকাশ করেছে।
ভারত বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্যসংক্রান্ত যেকোনো উদ্বেগ চলমান আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত।
অন্যদিকে ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে কাজ করছে বলে জানিয়েছে। পাশাপাশি অতিরিক্ত উৎপাদন সক্ষমতার সমস্যা সমাধান এবং জোরপূর্বক শ্রমসংক্রান্ত বিধিবিধান উন্নত করার প্রতিশ্রুতিও দিয়েছে দেশটি।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য কমিশনার মারোস সেফকোভিচ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের উদ্যোগের তীব্র বিরোধিতা করেছেন।
তিনি বলেন, ইইউ থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ১৫ শতাংশ শুল্ক আরোপের যে সীমায় ওয়াশিংটন ইতোমধ্যে সম্মত হয়েছে, তা যুক্তরাষ্ট্রকে অবশ্যই মেনে চলতে হবে।
সেফকোভিচের বক্তব্যে স্পষ্ট হয়েছে, নতুন শুল্ক প্রস্তাব বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিদ্যমান বাণিজ্য সমঝোতা নিয়েও নতুন করে বিরোধ তৈরি হতে পারে।
বাংলাদেশের জন্য কী অর্থ?
নতুন শুল্ক প্রস্তাবের তালিকায় বাংলাদেশের নাম থাকায় দেশের রফতানি বাণিজ্যেও এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে তৈরি পোশাকসহ যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিনির্ভর শিল্পগুলো নতুন করে অনিশ্চয়তার মুখে পড়তে পারে। তবে প্রস্তাবিত শুল্ক এখনো চূড়ান্ত নয়। এটি কার্যকর হওয়ার আগে জনমত গ্রহণ ও শুনানির প্রক্রিয়া রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন শুল্ক নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে। যেসব শর্তকে বাংলাদেশ অযৌক্তিক মনে করে, সেগুলো নিয়ে আলোচনা করে ছাড় আদায়ের চেষ্টা করবে সরকার।
হুমায়ুন কবির বলেন, ‘এ বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে। যেসব বিষয়কে বাংলাদেশ অযৌক্তিক মনে করে, সেগুলো যুক্তরাষ্ট্রের সামনে তুলে ধরে ছাড় আদায়ের সুযোগ আমাদের আছে।’
তিনি উদাহরণ দিয়ে বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করে। সেই তুলা দিয়ে দেশে পোশাকসহ বিভিন্ন পণ্য তৈরি করে আবার যুক্তরাষ্ট্রের বাজারেই রফতানি করা হয়। শুল্কসংক্রান্ত আলোচনায় বিষয়টি তুলে ধরে ছাড় চাওয়া যেতে পারে।
প্রতিমন্ত্রী বলেন, প্রস্তাবিত শুল্কের কয়েকটি ধারা নিয়ে বাংলাদেশের আপত্তি ও সংরক্ষণ রয়েছে। কোন বিষয়গুলো গ্রহণযোগ্য এবং কোনগুলো অযৌক্তিক, তা যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানানো হবে।
তিনি আরও জানান, আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠেয় জনশুনানিতে বাংলাদেশ নিজেদের অবস্থান ও যুক্তি তুলে ধরার সুযোগ পাবে।
প্রসঙ্গত, ২০২৫ সালের এপ্রিলে ট্রাম্প বাংলাদেশসহ অন্যান্য দেশের রপ্তানি পণ্যের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেন। এরপর এসব দেশ তার সরকারের সঙ্গে আলোচনা করে শুল্ক কমায়। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এ শুল্ক বাতিল ঘোষণা করে। নতুন তদন্ত ও শুল্ক আরোপের উদ্যোগকে সেই শুল্কনীতির বিকল্প ব্যবস্থা হিসেবেও দেখা হচ্ছে।
সূত্র: আলজাজিরা
এমএইচআর




