বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

ব্যাংককে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ, এলাকা খালি করার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম

শেয়ার করুন:

ব্যাংককে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ, এলাকা খালি করার নির্দেশ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত সাতজন আহত হয়েছেন। ঘটনার পর আশপাশের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে ব্যাংককের পূর্বাঞ্চলে অবস্থিত বাং না জেলার ব্যাংচাক তেল শোধনাগার ও ডিপোতে এ বিস্ফোরণ ঘটে।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পরপরই স্থাপনাটিতে আগুন ধরে যায়। আকাশে উঁচু হয়ে ওঠে আগুনের শিখা। পরে পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা গেছে।

ব্যাংককের জরুরি চিকিৎসাকেন্দ্র ইরাওয়ান জানিয়েছে, বিস্ফোরণে সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি তিনজন তুলনামূলক কম আহত হয়েছেন।

এদিকে ব্যাং না জেলা কার্যালয় এক বিবৃতিতে জানায়, নিজেদের নিরাপত্তার স্বার্থে ব্যাংচাক তেল ডিপোর আশপাশের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়তে হবে। কাছাকাছি এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও সরিয়ে নেওয়া হয়।

অন্যদিকে বিস্ফোরণের পর নিরাপত্তার স্বার্থে তেল শোধনাগারটির সব উৎপাদন ইউনিট বন্ধ করে দেয় পরিচালনাকারী প্রতিষ্ঠান ব্যাংচাক করপোরেশন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

উল্লেখ্য, ব্যাংচাক তেল শোধনাগারটি থাইল্যান্ডের পঞ্চম বৃহত্তম তেল শোধনাগার। প্রতিদিন প্রায় ১ লাখ ২০ হাজার ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে এ স্থাপনাটির। এটি দেশটির একমাত্র তেল শোধনাগার, যা রাজধানীর নগরাঞ্চলের মধ্যে অবস্থিত।

সূত্র: এপি

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর