বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

সম্পত্তির লোভে ছেলে ও স্বামীকে বিষপ্রয়োগ!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম

শেয়ার করুন:

সম্পত্তির লোভে ছেলে ও স্বামীকে বিষপ্রয়োগ!

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে স্বামীকে ধীরে ধীরে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। 

স্বামীর প্রায় ৮ কোটি ১৪ লাখ টাকার ভ্রমণ ব্যবসা এবং ২ কোটি ৭১ লাখ টাকার জীবনবিমার অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে তিনি খাবারের সঙ্গে সিসা মেশাতেন বলে অভিযোগ। সব মিলিয়ে প্রায় ১০ কোটি ৮৫ লাখ টাকার সম্পদের লোভে এ ষড়যন্ত্র করেন তিনি। খবর এনডিটিভির।

এ ঘটনায় অভিযুক্ত রেণু ভাটনগরকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৩ নভেম্বর ইন্দিরাপুরম থানার পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গাজিয়াবাদের বসুন্ধরা এলাকার বাসিন্দা সুশীল কুমার ভাটনগর একটি ট্রাভেল ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক। 

বেশ কিছুদিন ধরে তিনি বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন। শুধু তিনি নন, তার ছেলে ও ভাতিজাও একই ধরনের অজ্ঞাত অসুস্থতায় ভুগছিলেন।

পরিবারের সদস্যদের শারীরিক অবস্থার অবনতি নিয়ে সন্দেহ তৈরি হলে চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষা করান সুশীল। পরীক্ষার প্রতিবেদনে তার শরীরে বিপজ্জনক মাত্রায় সিসার উপস্থিতি ধরা পড়ে। এরপরই পরিবারের খাবারে বিষাক্ত পদার্থ মেশানোর সন্দেহ করেন তিনি।

গত ২৪ সেপ্টেম্বর এ ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন সুশীল। অভিযোগে স্ত্রী রেণু এবং তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে তাকে, তার ছেলে ও ভাতিজাকে হত্যার চেষ্টা করার অভিযোগ আনেন তিনি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে রেণু জানান, তার স্বামীর ট্রাভেল ব্যবসার মূল্য প্রায় ৫ থেকে ৬ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৭৮ লাখ থেকে ৮ কোটি ১৩ লাখ টাকা। 

এ ছাড়া স্বামীর ২ কোটি রুপির একটি জীবনবিমা রয়েছে, যার একমাত্র নমিনি তিনি। বাংলাদেশি মুদ্রায় বিমার পরিমাণ প্রায় ২ কোটি ৭১ লাখ টাকা।

পুলিশের দাবি, স্বামীর মৃত্যু হলে ব্যবসা ও বিমার অর্থ নিজের নিয়ন্ত্রণে আসবে— এমন লোভ থেকেই খাবারের সঙ্গে সিসা মেশানো শুরু করেন রেণু।

এদিকে, এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত এখনো চলছে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর