বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

মেক্সিকো উপসাগরে মার্কিন বিমান বিধ্বস্ত, ৬ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম

শেয়ার করুন:

মেক্সিকো উপসাগরে মার্কিন বিমান বিধ্বস্ত, ৬ জনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের মিসিসিপি উপকূলের কাছে মেক্সিকো উপসাগরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। মার্কিন উদ্ধারকারী দলের ডুবুরিরা বিমানটির ধ্বংসাবশেষের ভেতর থেকে দুই শিশুসহ ছয়জনের মরদেহ উদ্ধার করেছে।

বুধবার (২৫ নভেম্বর) মার্কিন কোস্ট গার্ডের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

প্রতিবেদন বলা হয়, মঙ্গলবার বিকেলে মিসিসিপি উপকূলের পাসকাগুলা ও হর্ন আইল্যান্ডের মধ্যবর্তী এলাকায় সেসনা ২১০ মডেলের বিমানটি মেক্সিকো উপসাগরে বিধ্বস্ত হয়। বিমানটিতে চারজন প্রাপ্তবয়স্ক এবং ৮ ও ১০ বছর বয়সী দুই শিশু ছিল।

কোস্টগার্ডের মুখপাত্র হুয়ান রস জানান, বিমানটি নিউ অরলিন্স থেকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের উদ্দেশে যাত্রা করেছিল। স্থানীয় সময় বিকেল প্রায় ৩টা ৪৫ মিনিটে আলাবামার মোবাইল এলাকার এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই কোস্ট গার্ড ও অন্যান্য উদ্ধারকারী সংস্থা অনুসন্ধান অভিযান শুরু করে। প্রাথমিকভাবে উদ্ধারকারীরা পানিতে তিনটি লাইফ জ্যাকেট, একটি লাইফ র‍্যাফট ও বিমানের কেবিন ভাসমান অবস্থায় দেখতে পান।

প্রায় চার ঘণ্টা অনুসন্ধানের পর মিসিসিপি ডিপার্টমেন্ট অব মেরিন রিসোর্সেসের ডুবুরিরা বিমানের ডুবে থাকা কাঠামোর ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেন। 

মার্কিন কোস্ট গার্ডের মোবাইল অঞ্চলের অনুসন্ধান ও উদ্ধার অভিযান সমন্বয়কারী কমান্ডার ট্রেভর ব্লাউন্ট বলেন, এই ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। 

নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, এমন পরিণতি কেউই আশা করেননি। উদ্ধার অভিযানে বিভিন্ন সংস্থার সমন্বিত সহযোগিতায় দ্রুত বিমানের যাত্রীদের সন্ধান পাওয়া সম্ভব হয়েছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) তদন্ত করবে। 

সূত্র: এপি 

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর