বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরা ও প্রত্যর্পণ দুটি ভিন্ন বিষয়: ভারত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম

শেয়ার করুন:

হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরা ও প্রত্যর্পণ দুটি ভিন্ন বিষয়: ভারত
ভিডিও থেকে নেওয়া

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনাকে ভারতের কাছে বাংলাদেশের করা প্রত্যর্পণ অনুরোধ থেকে আলাদা বিষয় হিসেবে দেখছে নয়াদিল্লি।

বুধবার (২৫ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, ‘ভ্রমণ নথির মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে ইচ্ছুক কোনো নাগরিকের বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে একটি পৃথক বিষয়।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি জয়সওয়াল।

বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর যে অনুরোধ জানানো হয়েছে, সেটি ভারতের প্রচলিত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে বলে নয়াদিল্লির অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমি আগেও যেমন বলেছি, বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ যথাযথ প্রক্রিয়ায় খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি’।

ভারতের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন শেখ হাসিনার কথিত এক মুখপাত্র সম্প্রতি জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফিরতে চান তিনি। এ জন্য বাংলাদেশ সরকারের কাছে প্রয়োজনীয় ভ্রমণ নথি দেওয়ার অনুরোধও জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

তবে শেখ হাসিনার দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি ইস্যুর বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি নয়াদিল্লিতে অবস্থান করছেন।

২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার পর তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে নতুন করে প্রত্যর্পণের অনুরোধ জানায় বাংলাদেশ। তবে ভারত এখন পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি।

সূত্র: রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর