বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

ট্রাম্পের নতুন শুল্কের মুখে বাংলাদেশসহ ১৬ দেশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পিএম

শেয়ার করুন:

ট্রাম্পের নতুন শুল্কের মুখে বাংলাদেশসহ ১৬ দেশ

অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা ও সরকারি ভর্তুকির কারণে মার্কিন শিল্পপ্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে বাংলাদেশসহ বিশ্বের ১৬টি দেশ ও অঞ্চলের পণ্যের ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন।

বুধবার (২৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয় সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সংরক্ষণবাদী নীতিতে অবিচল রয়েছেন এবং প্রধান বাণিজ্য অংশীদারদের ওপর নতুন শুল্ক আরোপের মাধ্যমে বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা পুনরায় উস্কে দিতে যাচ্ছেন।

রয়টার্স জানিয়েছে, আজ বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর (ইউএসটিআর) দেশটির ১৬টি বড় বাণিজ্যিক অংশীদারের শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে কয়েক মাস ধরে চালানো তদন্তের ফল প্রকাশ করতে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে এসব দেশের বিভিন্ন পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প।

তদন্তের আওতায় থাকা দেশ ও অঞ্চলগুলো হলো—বাংলাদেশ, ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, কম্বোডিয়া ও ইউরোপীয় ইউনিয়ন।

তবে কোন দেশের ওপর কত শতাংশ শুল্ক আরোপ করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। 

নতুন শুল্ক আরোপের উদ্যোগের পেছনে ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারার আওতায় তদন্ত চালানো হয়েছে।

মার্কিন প্রশাসনের অভিযোগ, বিভিন্ন দেশের সরকারি ভর্তুকি ও অন্যান্য সহায়তার কারণে অতিরিক্ত শিল্প উৎপাদন তৈরি হচ্ছে। এর ফলে কম দামে পণ্য রপ্তানি করে এসব দেশ মার্কিন উৎপাদকদের প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত করছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দেশভেদে শুল্কের হার ভিন্ন হতে পারে। আগে থেকে সম্পাদিত বাণিজ্য চুক্তিতে নির্ধারিত শুল্কসীমাও বজায় রাখার কথা বিবেচনা করছে হোয়াইট হাউস।

যুক্তরাষ্ট্রের সাবেক বাণিজ্য কর্মকর্তা রায়ান মাজেরাসের ধারণা, যেসব দেশের নির্দিষ্ট শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে বলে মনে করা হচ্ছে, সেসব দেশের পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে। তবে কম হারে শুল্ক আরোপের পাশাপাশি ভবিষ্যতে তা বাড়ানোর শর্তও রাখা হতে পারে।

প্রসঙ্গত, ২০২৫ সালের এপ্রিলে ট্রাম্প বাংলাদেশসহ অন্যান্য দেশের রপ্তানি পণ্যের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেন। এরপর এসব দেশ তার সরকারের সঙ্গে আলোচনা করে শুল্ক কমায়। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এ শুল্ক বাতিল ঘোষণা করে। নতুন তদন্ত ও শুল্ক আরোপের উদ্যোগকে সেই শুল্কনীতির বিকল্প ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ?

বাংলাদেশের জন্য বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের অন্যতম প্রধান রফতানি বাজার। নতুন শুল্ক আরোপ করা হলে মার্কিন বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশমূল্য বাড়তে পারে। এতে রফতানিকারকদের প্রতিযোগিতার সক্ষমতা এবং নতুন ক্রয়াদেশ পাওয়ার ক্ষেত্রে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তবে বাংলাদেশের ক্ষেত্রে শুল্কের হার কত হবে, কোন কোন পণ্য এর আওতায় আসবে এবং বিদ্যমান বাণিজ্য চুক্তির কোনো সুবিধা বহাল থাকবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র: রয়টার্স

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর