বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

করাচিতে নির্মাণাধীন ছয়তলা ভবন ধস, হতাহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

করাচিতে নির্মাণাধীন ছয়তলা ভবন ধস, হতাহত ৭

পাকিস্তানের বন্দর নগরী করাচিতে নির্মাণাধীন ছয়তলা একটি ভবন ধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। এছাড়াও ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল।

বুধবার (২৫ নভেম্বর) বিকালে করাচির বেলুচ কলোনি এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর এক মুখপাত্র জানান, ভবনধসের খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। ধ্বংসস্তূপ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বেসরকারি মানবিক সেবা সংস্থা এধি ফাউন্ডেশন জানিয়েছে, আহত ছয়জনকে করাচির জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে (জেপিএমসি) পাঠানো হয়েছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে অভিযান অব্যাহত রেখেছেন।

ঘটনার পর সিন্ধু প্রদেশের পুলিশপ্রধান জাভেদ আলম ওধো সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহযোগিতার নির্দেশ দিয়েছেন। উদ্ধারকারী সংস্থা, ফায়ার সার্ভিস ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এদিকে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযান দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে ভবনটির অনুমোদিত নকশা, নির্মাণমান ও সম্ভাব্য অবহেলার বিষয়টি তদন্ত করতে সিন্ধু বিল্ডিং কন্ট্রোল অথরিটিকে (এসবিসিএ) নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আশপাশের ভবনগুলোর নিরাপত্তা যাচাইয়েরও নির্দেশ দেওয়া হয়েছে।

পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচিতে ভবনধসের ঘটনা নতুন নয়। নিম্নমানের নির্মাণসামগ্রী, অবৈধ সম্প্রসারণ এবং ভবন নির্মাণের নিরাপত্তাবিধি যথাযথভাবে প্রয়োগ না করার কারণে শহরটিতে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

এর আগে ২০২৫ সালের জুলাইয়ে করাচির লিয়ারি এলাকায় পাঁচতলা একটি আবাসিক ভবন ধসে অন্তত ২৭ জন নিহত হন।

সূত্র: ডন

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর