বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

২৫ দিন বন্ধ থাকবে আদানির একটি ইউনিট, অর্ধেকে নামবে বিদ্যুৎ সরবরাহ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম

শেয়ার করুন:

২৫ দিন বন্ধ থাকবে আদানির একটি ইউনিট, অর্ধেকে নামবে বিদ্যুৎ সরবরাহ

বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য ভারতের আদানি পাওয়ারের ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ২৫ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। আজ বুধবার (২৫ নভেম্বর) দিবাগত মধ্যরাত থেকে কেন্দ্রটির ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিটের উৎপাদন বন্ধ হচ্ছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে ইউনিটটি পুনরায় চালু হওয়ার কথা রয়েছে।

আদানি পাওয়ারের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত বার্ষিক রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণ ও ত্রুটি প্রতিরোধের কাজ করা হবে। এ বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সম্মতি নেওয়া হয়েছে।

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানির বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট, যা পুরোটাই বাংলাদেশে সরবরাহ করা হয়। 

বিদ্যুৎকেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি পৃথক ইউনিট রয়েছে। একটি ইউনিট বন্ধ থাকলেও অপর ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে। ফলে এ সময়ে কেন্দ্রটি থেকে সর্বোচ্চ ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও বাংলাদেশে সরবরাহ করা সম্ভব হবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড- বিপিডিবির তথ্য অনুযায়ী, গত ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। ওই সময় আদানি পাওয়ার বাংলাদেশে ৯০১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল।

বিদ্যুৎ খাতসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শীত মৌসুমে দেশে বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকে। ফলে আদানির একটি ইউনিট বন্ধ থাকলেও সামগ্রিক বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা নেই। 

তবে হঠাৎ বিদ্যুতের চাহিদা বেড়ে গেলে পরিস্থিতি সামাল দেওয়া কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।

প্রসঙ্গত, আদানির গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি করা হয় দীর্ঘমেয়াদি চুক্তির আওতায়। ২০১৭ সালে স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদি চুক্তি অনুযায়ী কেন্দ্রটির উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হয়।

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর