বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম

শেয়ার করুন:

বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের আগে বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় মূল্যবান এই ধাতুর ওপর চাপ তৈরি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৩টা ১৫ মিনিটে (০৯১৫ জিএমটি) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৪৪ দশমিক ৫৪ ডলারে দাঁড়ায়। 

একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন মার্কিন স্বর্ণের ফিউচারের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৩ হাজার ৫৪২ দশমিক ৬০ ডলারে লেনদেন হচ্ছে।

এর আগের মঙ্গলবার স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমেছিল।

বিশ্লেষকদের মতে, ফেড কর্মকর্তাদের সুদের হারসংক্রান্ত কঠোর অবস্থান এবং আগামী ডিসেম্বরে সুদের হার বাড়ানোর প্রত্যাশা বাজারে প্রভাব ফেলেছে। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক বা পার্সোনাল কনজাম্পশন এক্সপেনডিচারস (পিসিই) মূল্যস্ফীতির তথ্যের অপেক্ষায় রয়েছেন। 

আজ বুধবার প্রকাশিত হতে যাওয়া এই পিসিই মূল্যসূচককে মূল্যস্ফীতি পরিমাপের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেয় ফেডারেল রিজার্ভ। এর মাধ্যমে আগামী দিনের  ‍সুদের হারের বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। আর সুদের হার বাড়লে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। কারণ, উচ্চ সুদের পরিবেশে বিনিয়োগকারীরা তুলনামূলক বেশি মুনাফা পাওয়া যায় এমন সম্পদের দিকে ঝুঁকতে পারেন।

অ্যাক্টিভট্রেডসের পরিচালক ও সিইও রিকার্ডো ইভানজেলিস্টা বলেছেন, ‘প্রত্যাশার চেয়ে নরম পিসিই সূচক আরও কঠোর মুদ্রানীতির প্রত্যাশা কমাতে পারে, যা ডলারের দরপতন ঘটাবে এবং স্বর্ণের দামকে ৩ হাজার ৬০০ ডলার পর্যন্ত বাড়িয়ে দিতে পারে।’

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন দেখা গেছে। বুধবার স্পট রুপার দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪০ দশমিক ৭৯ ডলারে দাঁড়ায়। প্লাটিনামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ২৬৭ দশমিক ৬৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৮৫১ দশমিক ২৫ ডলারে নেমে আসে।

সূত্র: রয়টার্স

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর