মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

স্বর্ণের বাজারে অস্থিরতা, ফের কমল দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম

শেয়ার করুন:

স্বর্ণের বাজারে অস্থিরতা, ফের কমল দাম

বিশ্ববাজারে স্বর্ণের দামে যেন অস্থিরতা থামছেই না। গত শুক্রবার এক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামার পর সোমবার দাম প্রায় ৩ শতাংশ বাড়লেও, আজ মঙ্গলবারই আবার দরপতনের মুখে পড়েছে মূল্যবান এই ধাতু। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের অপেক্ষায় বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান স্বর্ণের দাম আবারও নিম্নমুখী হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ২৭ মিনিটে (জিএমটি ০৮২৭) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৬১১ দশমিক ৯৯ ডলারে দাঁড়ায়। এর আগে সোমবারের লেনদেনে স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছিল। 

অন্যদিকে মার্কিন স্বর্ণের ফিউচার দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৬১১ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে গত শুক্রবার স্বর্ণের দাম ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। এতে পুরো সপ্তাহে মূল্যবান ধাতুটির দাম ৯ শতাংশের বেশি কমে যায়, যা গত মার্চের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।

বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তি শেয়ারের দরপতন স্বর্ণের বাজারেও প্রভাব ফেলেছে। শেয়ারবাজারে লোকসান সামাল দিতে এবং মার্জিন ঘাটতি পূরণ করতে কিছু বিনিয়োগকারী স্বর্ণ বিক্রি করে নগদ অর্থ সংগ্রহ করেন। এতে স্বর্ণের দামের ওপর বাড়তি চাপ তৈরি হয়।

তবে সোমবার দরপতনের পর তুলনামূলক কম দামে স্বর্ণ কেনার সুযোগ কাজে লাগান অনেক বিনিয়োগকারী। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে নতুন করে হিসাব-নিকাশ শুরু হওয়ায় স্বর্ণের বাজারে ইতিবাচক প্রবণতা দেখা যায়।

অন্যদিকে মঙ্গলবার মার্কিন ডলারের মূল্য ২০ মাসের কাছাকাছি সর্বোচ্চ অবস্থানে ছিল, যা স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।

বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস বলেন, ‘উচ্চ সুদের হার ও বন্ডের বেশি মুনাফার পরিবেশ স্বর্ণের জন্য অনুকূল নয়। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য প্রত্যাশার চেয়ে বেশি হলে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার আরও বাড়ানোর পথে এগোতে পারে। এতে স্বর্ণের দাম প্রতি আউন্স ৩ হাজার ৫০০ ডলারের নিচেও নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে’।

এছাড়াও বিনিয়োগকারীরা এখন বুধবার প্রকাশিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের অক্টোবর মাসের পার্সোনাল কনজাম্পশন এক্সপেনডিচারস (পিসিই) মূল্যসূচকের দিকে তাকিয়ে আছেন। ফেডারেল রিজার্ভ মূল্যস্ফীতি পরিমাপের ক্ষেত্রে এই সূচককে বিশেষ গুরুত্ব দেয়। 

সুদের হার বাড়লে স্বর্ণের আকর্ষণ সাধারণত কমে যায়। কারণ স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না। অন্যদিকে সুদযুক্ত সম্পদে বিনিয়োগ করলে আয় করার সুযোগ থাকে। ফলে উচ্চ সুদের প্রত্যাশা স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন দেখা গেছে। মঙ্গলবার স্পট সিলভারের দাম ২ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪২ দশমিক ০৪ ডলার হয়েছে। প্লাটিনামের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ২৮৮ দশমিক ৯১ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ৮৭৯ দশমিক ৮৮ ডলারে নেমেছে।

সূত্র: রয়টার্স


এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর