চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর কর্মরত ২৩ জন সদস্য আত্মহত্যা করেছেন।
২০১০ সালের পর দেশটির সেনাবাহিনীতে এটিই সর্বোচ্চ আত্মহত্যার রেকর্ড। পাশাপাশি গত এক বছরে সামরিক বাহিনী থেকে অব্যাহতি পাওয়ার পরপরই অন্তত আরও ১৭ জন সাবেক সেনা আত্মহত্যা করেছেন। খবর মিডল ইস্ট আইয়ের।
সব মিলিয়ে কর্মরত ও সাবেক সেনাদের মধ্যে আত্মহত্যাকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। সোমবার (২৩ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আত্মহত্যার এই প্রবণতা কেবল ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যেই সীমাবদ্ধ নেই। হারেৎজ জানিয়েছে, ২০২৬ সালে দেশটির পাঁচজন পুলিশ কর্মকর্তাও আত্মহত্যা করেছেন।
প্রতিবেদনে ইসরায়েলি সামরিক বাহিনীর সরকারি তথ্যের বরাতে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের নেতৃত্বাধীন হামলার পর থেকে এখন পর্যন্ত ৭৩ জন সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন।
তবে যুদ্ধসংশ্লিষ্ট আত্মহত্যার প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, সামরিক বাহিনীর এই তালিকায় কেবল কর্মরত অবস্থায় মারা যাওয়া সদস্যদের তথ্যই অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইসরায়েলের হাইফা বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্যবিষয়ক একজন শিক্ষাবিদ হারেৎজকে বলেন, এই যুদ্ধে অংশ নেওয়া সেনাদের মানসিক চাপ এবং চরম অবসাদের মাত্রা নজিরবিহীন।
আগামী বছরগুলো আত্মহত্যার হারের দিক থেকে অত্যন্ত সংকটপূর্ণ, এমনকি নাটকীয়ও হতে পারে।
-এমএমএস




