সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

বিশ্ববাজারে হু হু করে বাড়ছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম

শেয়ার করুন:

বিশ্ববাজারে হু হু করে বাড়ছে স্বর্ণের দাম

টানা দরপতনের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম বড় উত্থান শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ পরিসংখ্যান প্রকাশের অপেক্ষায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে স্বর্ণ কেনার প্রবণতা তৈরি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ২২ মিনিটে (১৪২২ জিএমটি) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ৪ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬৭৬ দশমিক ৭৮ ডলারে পৌঁছায়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ৪ দশমিক ৬ শতাংশ বেড়েছে প্রতি আউন্স ৩ হাজার ৬৭৭ দশমিক ৮০ ডলারে লেনদেন হচ্ছে।

এর আগে গত শুক্রবার স্বর্ণের দাম ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। এতে পুরো সপ্তাহে মূল্যবান ধাতুটির দাম ৯ শতাংশের বেশি কমে যায়, যা গত মার্চের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।

বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তি শেয়ারের দরপতন স্বর্ণের বাজারেও প্রভাব ফেলেছে। শেয়ারবাজারে লোকসান সামাল দিতে এবং মার্জিন ঘাটতি পূরণ করতে কিছু বিনিয়োগকারী স্বর্ণ বিক্রি করে নগদ অর্থ সংগ্রহ করেন। এতে স্বর্ণের দামের ওপর বাড়তি চাপ তৈরি হয়।

তবে সোমবার দরপতনের পর তুলনামূলক কম দামে স্বর্ণ কেনার সুযোগ কাজে লাগান অনেক বিনিয়োগকারী। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে নতুন করে হিসাব-নিকাশ শুরু হওয়ায় স্বর্ণের বাজারে ইতিবাচক প্রবণতা দেখা যায়।

এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) ডিসেম্বরের বৈঠক ঘিরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীরা এখন বুধবার প্রকাশিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের অক্টোবর মাসের পার্সোনাল কনজাম্পশন এক্সপেনডিচারস (পিসিই) মূল্যসূচকের দিকে তাকিয়ে আছেন। ফেডারেল রিজার্ভ মূল্যস্ফীতি পরিমাপের ক্ষেত্রে এই সূচককে বিশেষ গুরুত্ব দেয়। 

সুদের হার বাড়লে স্বর্ণের আকর্ষণ সাধারণত কমে যায়। কারণ স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না। অন্যদিকে সুদযুক্ত সম্পদে বিনিয়োগ করলে আয় করার সুযোগ থাকে। ফলে উচ্চ সুদের প্রত্যাশা স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করে।

আমেরিকান গোল্ড এক্সচেঞ্জের বাজার বিশ্লেষক জিম উইকফ বলেন, ‘বাজারে এমন আলোচনা চলছে যে, যদি স্টক সূচকগুলোর পতন অব্যাহত থাকে, তবে তা ফেডকে সুদের হার বাড়াতে বাধা দেবে। আমি মনে করি এটি একটি ব্যতিক্রমী ঘটনা, কিন্তু এটিই এই সপ্তাহের শুরুতে মূল্যবান ধাতুর বাজারে ঘুরে দাঁড়াতে সহায়তা করছে।’

এদিকে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। সোমবার স্পট রুপার দাম ৬ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৩ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে। এছাড়াও প্লাটিনামের দাম ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৪৯ দশমিক ৯৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ৯১২ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।

সূত্র: রয়টার্স


এমএইচআর

 

 

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর