ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের বনগাঁর বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তিনি আরও দাবি করেছেন, বিশ্বের শক্তিশালী দেশগুলো তার পাশে দাঁড়িয়ে ডিসেম্বরেই তাকে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
রোববার (২২ নভেম্বর) উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন স্বপন মজুমদার।
তিনি বলেন, ‘শুধু অপেক্ষা করুন, এই পেট্রাপোল সীমান্ত দিয়েই শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন। সেই দিন খুব বেশি দূরে নেই।’
বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ করে স্বপন মজুমদার বলেন, ‘যারা বাংলাদেশে অবৈধ সরকার গঠন করেছিল, তারা বিদেশি শক্তির যোগসাজশে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করেছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয় এবং তাঁকে দেশ ছাড়তে বাধ্য করা হয়।’
বিজেপির এই বিধায়ক আরও দাবি করেন, শেখ হাসিনা এই সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরলে তার সঙ্গে বিপুলসংখ্যক মানুষ যুক্ত হবেন।
স্বপন মজুমদার বলেন, ‘বিশ্বের অনেক প্রধান দেশ শেখ হাসিনার সমর্থনে রয়েছে। তারা এই ডিসেম্বরে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এমনটা হলে শেখ হাসিনা এই সীমান্ত দিয়েই ফিরবেন। সে সময় তার সঙ্গে বিপুল সংখ্যক মানুষও থাকবেন।’
প্রসঙ্গত, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে জল্পনার মধ্যে রোববার পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দর পরিদর্শন করেন আওয়ামী লীগের চার শীর্ষ নেতা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলা হয়, দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম পেট্রাপোলের ইমিগ্রেশন সেন্টারে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন।
তবে সেখানে তাঁরা কী বিষয়ে আলোচনা করেছেন, সে সম্পর্কে ভারতীয় অভিবাসন কর্তৃপক্ষ, বিএসএফ কিংবা পেট্রাপোল পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতেই অবস্থান করছেন। এরপর থেকে তার দেশে ফেরা নিয়ে বিভিন্ন সময়ে রাজনৈতিক আলোচনা ও জল্পনা তৈরি হয়েছে।
তবে বিষয়ে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
সূত্র: আজতক, হিন্দুস্তান টাইমস
এমএইচআর




