যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে একটি কনসার্টে নয়জনকে গুলি করা হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (২২ নভেম্বর) স্থানীয় শেরিফ (পুলিশ) এ তথ্য জানিয়েছেন।
পুলিশের ধারণা, এই গুলির ঘটনাটি কোনো গ্যাং বা অপরাধী চক্রের সঙ্গে সম্পর্কিত হতে পারে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
শেরিফ বিভাগের ভাষ্যমতে, বর্তমানে ঘটনাস্থলে জনসাধারণের জন্য আর কোনো তাৎক্ষণিক ঝুঁকি নেই। খবর আরব নিউজের।
পুলিশ জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ায় ওই কনসার্টে গুলিবিদ্ধ নয়জনের মধ্যে একজনের বুকে গুলি লেগেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।
শেরিফ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তুলারে কাউন্টির স্ট্র্যাথমোরে একটি কনসার্টে এই গুলির ঘটনা ঘটে।
এটি অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে অবস্থিত একটি পাহাড়ি এলাকা। কনসার্টটিতে প্রায় ১৫০ জন উপস্থিত ছিলেন। অজ্ঞাত সংখ্যক সন্দেহভাজন ব্যক্তি ভিড়ের মধ্যে গুলি চালায়। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
২৬ বছর বয়সী এক ব্যক্তির বুকে গুলি লেগেছে এবং তার অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে। শেরিফ বিভাগ জানিয়েছে, তার অবস্থা এখনো আশঙ্কাজনক।
এছাড়া ১৯ ও ২২ বছর বয়সী আরও দুজন ভুক্তভোগীর অস্ত্রোপচার প্রয়োজন হয়েছে এবং ছয়জন সামান্য আহত হয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ধারণা এই গুলির ঘটনাটি “গ্যাং বা অপরাধী চক্রের সঙ্গে সম্পর্কিত হতে পারে”, তবে এ বিষয়ে তারা বিস্তারিত কিছু বলেনি।
শেরিফ বিভাগ আরও জানায়, প্রায় ৩ হাজার মানুষের এই শহরে আয়োজিত কনসার্টটিতে পার্শ্ববর্তী অঙ্গরাজ্যগুলো থেকে শিল্পীরা অংশ নিয়েছিলেন।
-এমএমএস




