লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজি বন্দরে সন্দেহভাজন ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে গেছে। হামলায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, রোববার ভোরে চালানো হামলায় লিবীয় ও রুশ নাগরিক নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা জানা যায়নি। জাহাজটি নৌঘাঁটির কাছাকাছি বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে নোঙর করা ছিল।
জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন ছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে। বাসিন্দাদের বরাত দিয়ে সূত্রগুলো জানায়, জাহাজটিতে তিনটি ড্রোন হামলা চালাতে দেখা গেছে।
স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টর জানিয়েছে, হামলার শিকার জাহাজটি রাশিয়ার নৌবাহিনীর করভেট শ্রেণির যুদ্ধজাহাজ মেরকুরি। রোববারের স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, জাহাজটির অধিকাংশ অংশ উল্টে ডুবে গেছে। শুধু সামনের অংশ পানির ওপরে দৃশ্যমান ছিল। জাহাজের ওপরের কাঠামোর একটি অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। বন্দরের জেটিতে ছড়িয়ে ছিল ধ্বংসাবশেষ।
এর আগে বেনগাজিভিত্তিক প্রশাসন জানিয়েছিল, রাশিয়া ও লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের মধ্যে সহযোগিতা চুক্তির আওতায় জাহাজটি জ্বালানি ও সরবরাহ নিতে বন্দরে ভিড়েছিল।
রোববার রাতে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানায়, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর পরিচালিত একটি ঘাঁটি থেকে জাহাজটিকে লক্ষ্য করে একাধিক সামুদ্রিক ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল।
একই দিন সন্ধ্যায় বেনগাজি বন্দরের বাইরে পৃথক হামলায় মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজেও সামুদ্রিক ড্রোন আঘাত হানে। বেনগাজিভিত্তিক প্রশাসনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিস্ফোরকবাহী ড্রোনের হামলায় ওই জাহাজের আহত সব নাবিককে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
হামলার কারণ, উৎস ও এর সঙ্গে জড়িত পক্ষগুলোকে শনাক্ত করতে রাশিয়ার সঙ্গে যৌথ তদন্ত শুরু করেছে বেনগাজিভিত্তিক প্রশাসন। তারা জানায়, জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং হামলার স্থান নিরাপদ করা হয়েছে।
সন্দেহভাজন হামলাকে লিবিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন ও সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে নিন্দা জানিয়েছে প্রশাসন।
এক বিবৃতিতে বলা হয়, ‘প্রতিশোধ নেওয়া কিংবা আন্তর্জাতিক সংঘাত ছড়িয়ে দেওয়ার ক্ষেত্র হিসেবে লিবিয়ার বন্দর, ভূখণ্ড বা জলসীমাকে ব্যবহার করতে দেওয়া হবে না।’ বিবৃতিতে আরও বলা হয়, লিবিয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কোনো পক্ষ নয়।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজ ও নৌ স্থাপনাগুলো লক্ষ্য করে একাধিকবার সামুদ্রিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী।
শনিবার ফিনল্যান্ডের জলসীমার কাছাকাছি পূর্ব বাল্টিক সাগরে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা হয়। ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে।
গত মার্চে লিবিয়ার উপকূলে রাশিয়ার একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজ হামলার পর ডুবে যায়। ওই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ডিসেম্বরে ইউক্রেন জানিয়েছিল, ভূমধ্যসাগরে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাংকারে বিমান থেকে ড্রোন হামলা চালিয়েছে তারা।
এমআর




