রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

ইসরায়েলকে ভারতের অস্ত্র সরবরাহ অব্যাহত রাখতে চান রাহুল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

শেয়ার করুন:

ইসরায়েলকে ভারতের অস্ত্র সরবরাহ অব্যাহত রাখতে চান রাহুল

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও গণহত্যা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা চললেও ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার পক্ষে সাফাই গেয়েছেন। 

তিনি বলেছেন, গাজায় যুদ্ধের কারণে আন্তর্জাতিক পর্যায়ে তীব্র ক্ষোভ থাকা সত্ত্বেও ভারতের উচিত ইসরায়েলের সঙ্গে শক্তিশালী কৌশলগত সম্পর্ক বজায় রাখা। খবর মিডলইস্ট আইয়ের।

শিকাগো বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট পেপের সঙ্গে এক আলোচনায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এই নেতা এ মন্তব্য করেন। সেখানে তিনি বৈশ্বিক রাজনীতিতে ভারতের অবস্থান নিয়ে কথা বলছিলেন।

আলোচনায় রাহুল গান্ধী বলেন, ‘ইসরায়েলের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা তাদের কাছ থেকে অস্ত্র কিনি। আমি ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার বিষয়টিকে পুরোপুরি সমর্থন করি।’

ভারতের সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় অস্ত্র কোথা থেকে কেনা হবে, সেটি নির্ধারণের স্বাধীনতা নয়াদিল্লির থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তার যুক্তি, অন্য কোনো দেশের রাজনৈতিক অগ্রাধিকার কিংবা পররাষ্ট্রনীতির চাপে পড়ে ভারতের অস্ত্র কেনার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

তবে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা করলেও ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার বিষয়টি টেনে আনেন রাহুল। তিনি বলেন, বেসামরিক মানুষ হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ভারতের জনসংখ্যা প্রায় ১৫০ কোটি উল্লেখ করে কংগ্রেস নেতা বলেন, ‘আমরা অনেক বড় একটি দেশ। আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হওয়া উচিত আমাদের জন্য কোনটি ভালো, তার ভিত্তিতে; অন্যদের জন্য কোনটি ভালো, তার ভিত্তিতে নয়।’

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওই আলোচনার ভিডিও প্রকাশ করেন রাহুল গান্ধী। সেখানে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের নিজস্ব স্বার্থকে প্রাধান্য দেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

রাহুল গান্ধীর বক্তব্যের দিনই ইসরায়েলের সঙ্গে নতুন সামরিক চুক্তির ঘোষণা দেয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সঙ্গে ২১ কোটি ১০ লাখ ডলারের একটি চুক্তি করেছে নয়াদিল্লি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার ৫৮০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

গত ১৮ নভেম্বর চুক্তিটি সই হয়। এর আওতায় ভারতীয় নৌবাহিনীর জাহাজে স্থাপিত বারাক পয়েন্ট ডিফেন্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্নয়ন করা হবে। 

এতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার হার্ডওয়্যার ও সফটওয়্যার হালনাগাদের পাশাপাশি পুরোনো যন্ত্রাংশ ব্যবস্থাপনার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

রাহুল গান্ধীর বক্তব্য এবং একই সময়ে ইসরায়েলের সঙ্গে ভারতের নতুন প্রতিরক্ষা চুক্তি দুই দেশের দীর্ঘদিনের সামরিক ও নিরাপত্তা সহযোগিতার বিষয়টি আবারও সামনে এনেছে।

Israel-rahul

এর আগে চলতি মাসের শুরুতে ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন জানায়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইসরায়েলি নজরদারি প্রযুক্তি প্রতিষ্ঠান সেলিব্রাইটের কাছ থেকে মোবাইল ফোনের লক খোলার প্রযুক্তি কেনার অনুমোদন দিয়েছেন। ভারতের বিভিন্ন রাজ্যে কংগ্রেসশাসিত সরকারগুলোর বিরুদ্ধেও ইসরায়েলি ফোন থেকে তথ্য সংগ্রহের প্রযুক্তি কেনার অভিযোগ তুলেছেন অধিকারকর্মীরা।

এদিকে রাহুল গান্ধীর বক্তব্যের সমালোচনা করেছেন ভারতের একাধিক অধিকারকর্মী ও শিক্ষাবিদ। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় অধিকারকর্মী মিডল ইস্ট আইকে বলেন, রাহুল গান্ধী নিজের বক্তব্যের মধ্যেই স্ববিরোধিতা তৈরি করেছেন।

তার ভাষ্য, একদিকে রাহুল বলছেন, ভারতের পররাষ্ট্রনীতি দেশের স্বার্থের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। অন্যদিকে তিনি ইসরাইলের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখার পক্ষে কথা বলছেন। অথচ গত তিন বছরে গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের চিত্র আন্তর্জাতিকভাবে স্পষ্ট হয়েছে।

ওই অধিকারকর্মীর মতে, ভারতের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা ইসরায়েলের প্রয়োজন, ভারতের নয়।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের অধ্যাপক অপূর্বানন্দ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামলে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হয়ে উঠেছে নয়াদিল্লি। সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা প্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও নিরাপত্তা সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক বিস্তৃত হয়েছে।

২০২৬ সালের শুরুর দিকে ইসরায়েল সফর করেন নরেন্দ্র মোদি। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর কিছুদিন আগে তার এই সফর অনুষ্ঠিত হয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিভিন্ন সময় ভারতের সঙ্গে সম্পর্কের প্রশংসা করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার মুখে পড়লেও ভারতে দেশটির প্রতি ব্যাপক সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে নেতানিয়াহুর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে বৈধতা দেওয়ার বিষয়ে বিরোধিতা বাড়লেও ভারতে দেশটির প্রতি সমর্থন অত্যন্ত বেশি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গত জুলাইয়ের এক প্রতিবেদনে ভারতের সঙ্গে ইসরায়েলের অস্ত্র বাণিজ্যের বিস্তারিত তথ্য উঠে আসে। 

সংস্থাটির অনুসন্ধান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ভারত থেকে ইসরায়েলে অন্তত ২ হাজার ৫৯৬টি চালানে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের বিভিন্ন যন্ত্রাংশ পাঠানো হয়েছে।

এসব চালানের মধ্যে ছিল কামানের গোলা, মেশিনগানের যন্ত্রাংশ, বিস্ফোরক ওয়ারহেড এবং সাঁজোয়া যান তৈরির বিভিন্ন উপকরণ।

প্রতিবেদনে বলা হয়, গাজায় আন্তর্জাতিক অপরাধ সংঘটনের অভিযোগ ও মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সামনে আসার পরও ইসরায়েলকে সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রাখায় আন্তর্জাতিক আইনের আওতায় ভারতের দায়বদ্ধতার প্রশ্ন উঠতে পারে। 

বিশেষ করে এসব সরঞ্জাম যুদ্ধাপরাধ বা আন্তর্জাতিক আইন লঙ্ঘনে ব্যবহৃত হলে তা নিয়ে আইনি জটিলতা তৈরি হতে পারে।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে কংগ্রেসের কয়েকজন নেতা মোদি সরকারের অবস্থানের সমালোচনা করলেও দলটি এখন পর্যন্ত ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের দাবি জানায়নি। 

এমনকি দক্ষিণ আফ্রিকার করা ইসরায়েলবিরোধী গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ভারতের যুক্ত হওয়ার দাবিও তোলেনি দলটি।

ভারত ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালের জানুয়ারিতে। তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময় দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।

তবে এর ভিত্তি তৈরি হয়েছিল আরও আগে। রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৮০-এর দশকে ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগ নেওয়া হয়।

১৯৮৫ সালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী শিমন পেরেসের সঙ্গে বৈঠক করেন রাজীব গান্ধী। দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠার আগে এটিকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক যোগাযোগ হিসেবে বিবেচনা করা হয়।

এ ছাড়া রাহুল গান্ধীর দাদি ইন্দিরা গান্ধীর শাসনামলে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর