রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

বেলুচিস্তানে সেনা অভিযানে ১৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

বেলুচিস্তানে সেনা অভিযানে ১৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে ‘অপারেশন রাদ-উল-ফিৎনা’ নামে নতুন অভিযান শুরু করেছে দেশটির সেনা-পুলিশ ও নিরাপত্তা বাহিনী। 

রাজ্যের মাসটাং জেলায় দুটি পৃথক অভিযানে শনিবার (২১ নভেম্বর) ১৫ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। খবর সিনহুয়া ও জিওটিভির। 

বেলুচিস্তানে অভিযানের জন্য দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা বাহিনীর একাধিক সূত্রের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, শনিবার সারা দিনে মাসটাং জেলা বিভিন্ন অঞ্চলে দু’দফা অভিযান পরিচালনা করা হয়েছে। 

প্রথম দফা অভিযানে ৫ জন এবং দ্বিতীয় দফায় ১০ জন নিহত হয়েছেন। এছাড়া অভিযানকালে অভিযানকালে বেশ কয়েকটি সন্ত্রাসী আস্তানা ধ্বংস করা হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

শনিবার দ্বিতীয় দফা অভিযান শেষে মাসটাংয়ের কিল্লি পাসান্দ খান, মুসা খান, খোরাসানি এবং কাফতারি এলাকাকে ‘সন্ত্রাসীমুক্ত’ ঘোষণা করেছে নিরাপত্তা বাহিনী। 

তবে বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, পুরো বেলুচিস্তান থেকে ‘বিচ্ছিন্নতাবাদ’ নির্মূল করতে নিরাপত্তা বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ এবং শেষ বিচ্ছিন্নতাবাদীকে নিহত বা নিষ্ক্রিয় করার আগ পর্যন্ত তাদের অভিযান চলবে।

২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

পাকিস্তানি থিঙ্কট্যাংক সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে এই দুটি প্রদেশই ছিল দেশের সহিংসতার প্রধান কেন্দ্রবিন্দু, যার মধ্যে খাইবার পাখতুনখোয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই প্রান্তিকে সহিংসতার ঘটনায় মোট প্রাণহানির প্রায় ৯৬ শতাংশই ঘটেছে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে। মোট মৃত্যুর মধ্যে ৬১ শতাংশেরও বেশি (৪৭৫ জন) ঘটেছে খাইবার পাখতুনখোয়াতে এবং ৩৪ শতাংশ (২৬৫ জন) ঘটেছে বেলুচিস্তানে।

এছাড়া, খাইবার পাখতুনখোয়াতেই সবচেয়ে বেশি সহিংস ঘটনা (১৫১টি) রেকর্ড করা হয়েছে, যা সারা দেশে ঘটা মোট সহিংসতার ৫৭ শতাংশ। এর পরেই রয়েছে বেলুচিস্তান, যেখানে ৯৪টি ঘটনা ঘটেছে—যা মোট ঘটনার ৩৫ শতাংশ।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর