পারস্য উপসাগরীয় অঞ্চলের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। হামলার পর যুদ্ধবিমানটি অভিযান বাতিল করে কাছাকাছি একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে তেহরান।
শনিবার (২১ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইরানের সেনাবাহিনীর দাবি, শুক্রবার সন্ধ্যায় উপসাগরীয় অঞ্চলের আকাশে মার্কিন যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। পরে পাইলট অভিযান চালিয়ে যেতে না পেরে জরুরি অবতরণ করেন।
যুদ্ধবিমানটি আঘাত হানার একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের সেনাবাহিনী।
Iran’s army released a video claiming its air defense systems fired a missile at a U.S. F-16 over the Persian Gulf on November 20. It claims the missile damaged the aircraft, forcing the pilot to abort the mission and make an emergency landing. https://t.co/CMrh9X6nvt
— Clash Report (@clashreport) November 21, 2026
তবে ইরানের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরকে ঘিরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে হরমুজ প্রণালিতে আরেকটি মার্কিন অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি)।
শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এমকিউ-৯ ড্রোনটি আটকে দিয়ে ধ্বংস ও ভূপাতিত করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এপর্যন্ত হরমুজে মোট ৫৮টি অত্যাধনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও জানায় আইআরজিসি।
সূত্র: রয়টার্স, আলজাজিরা
এমএইচআর




