৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র পূর্ব তিমুরে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল পূর্ব তিমুরের লোসপালোস শহর থেকে প্রায় ১০৩ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১৪৩ দশমিক ৪ কিলোমিটার।
অন্যদিকে জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বান্দা সাগরে, পূর্ব তিমুরের রাজধানী দিলি থেকে প্রায় ২২৬ কিলোমিটার উত্তর-পূর্বে। সংস্থাটির হিসাবে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১১৭ কিলোমিটার।
ভূমিকম্পের কম্পন পূর্ব তিমুর ছাড়াও অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। বিশেষ করে ডারউইন ও আশপাশের এলাকায় ভবন কেঁপে ওঠার খবর পাওয়া গেছে। উঁচু ভবনে থাকা ব্যক্তিরা কম্পন বেশি অনুভব করেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রাথমিক মূল্যায়নে এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এছাড়াও এ ঘটনায় কোনো সুনামি সতর্কতার সংকেত দেখা যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, পূর্ব তিমুর ও ইন্দোনেশিয়ার বান্দা সাগর অঞ্চল বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর কাছাকাছি অবস্থিত এই অঞ্চলটি একাধিক টেকটোনিক প্লেটের সংযোগস্থলে পড়েছে। ফলে এখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।
বিশেষ করে অস্ট্রেলীয়, সুন্দা ও প্রশান্ত মহাসাগরীয় প্লেটের পারস্পরিক সংঘর্ষ, সাবডাকশন ও ভূত্বকের জটিল নড়াচড়ার কারণে অঞ্চলটিতে ভূমিকম্পের ঝুঁকি বেশি। বান্দা সাগরকে ঘিরে থাকা গভীর সমুদ্রখাত ও সক্রিয় ভূতাত্ত্বিক কাঠামোও এই ঝুঁকির অন্যতম কারণ।
সূত্র: রয়টার্স
এমএইচআর




