শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৮ এএম

শেয়ার করুন:

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র 

নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। আগামী ২২ নভেম্বর (রোববার) দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যাবেন তিনি।

২০ নভেম্বর (শুক্রবার) এ তথ্য নিশ্চিত করেছে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন বালেন্দ্র শাহ। খবর  কাঠমান্ডু পোস্টের।

এছাড়া বালেন্দ্র শাহের সম্মানে ভারতের প্রধানমন্ত্রী একটি আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন— সে তথ্যও জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নেপাল ও ভারতের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিনের—যা অভিন্ন সভ্যতাগত বন্ধন, সাংস্কৃতিক সাদৃশ্য এবং জনগণের মধ্যে গভীর সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। 

এই সফরটি আমাদের বহুমুখী সহযোগিতামূলক অংশীদারিত্বকে ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি থেকে পর্যালোচনা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হবে এবং উভয় দেশের জনগণের জন্য পারস্পরিক সুফল বয়ে আনবে।

চলতি বছর মার্চ মাসে নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পর গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গিয়েছিলেন তিনি। 

সেটি ছিল তার প্রথম বিদেশ সফর। সেই হিসেবে ভারতে অনুষ্ঠিতব্য সফরটি তার দ্বিতীয় বিদেশ সফর হতে যাচ্ছে।

কয়েক সপ্তাহ আগে নেপাল সফরে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সেখানে বালেন্দ্র শাহের সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে বলা হয়েছিল আগস্ট মাসে নেপালে বন্যার সময় ভারত যে দ্রুত ও উল্লেখযোগ্য মানবিক ও কারিগরি সহায়তা প্রদান করেছিল, তার জন্য নেপালের নেতৃত্ব কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এবারের সফরে ভারতের ব্যবসায়ী নেতাদের একটি সম্মেলনেও যোগ দেওয়ার কথা রয়েছে বালেন্দ্র শাহের।  

উল্লেখ্য, ভারত নেপালের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, নেপালের মোট আমদানির ৬০ শতাংশেরও বেশি আসে ভারত থেকে।

নেপালের দৈনিক দ্য কাঠমান্ডু পোস্ট-কে দেশটির পররাষ্ট্র সচিব অমৃত রাই জানিয়েছেন, সফরকালে দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

রাই আরও জানান, এই সফরকালে কিছু নতুন প্রকল্পের উদ্বোধন করা হবে এবং অন্যান্য কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দেওয়া হবে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর