ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে দেশটিতে প্রবেশ করতে হলে ভারতীয় পাসপোর্টধারীদের আগাম ভিসা নিতে হবে। এর ফলে দেশটিতে ভারতীয় নাগরিকদের ৩০ দিনের ভিসামুক্ত ভ্রমণ সুবিধার অবসান ঘটতে যাচ্ছে।
শুক্রবার (২০ নভেম্বর) মালয়েশিয়া পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন দেশটির মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।
তিনি বলেন, ভারতীয় নাগরিকদের জন্য ৩০ দিনের ভিসা অব্যাহতি সুবিধা বাতিলের উদ্দেশ্য হলো দেশটিতে প্রবেশের আগে বিদেশি পর্যটকদের আরও কঠোরভাবে যাচাই-বাছাই করা।
এরআগে গত ১৭ নভেম্বর মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ৩১ ডিসেম্বর থেকে ভারতীয় নাগরিকদের জন্য বিদ্যমান ভিসা অব্যাহতি সুবিধা আর কার্যকর থাকবে না। ফলে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে মালয়েশিয়ায় প্রবেশের আগে বৈধ ভিসা সংগ্রহ করতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে মালয়েশিয়ার সরকারি অনলাইন পোর্টাল MyVISA-এর মাধ্যমে ভিসার আবেদন করতে পারবেন ভারতীয় নাগরিকেরা। ভিসা আবেদনের ক্ষেত্রে নির্ধারিত ফি জমা দিতে হবে। তবে আবেদন প্রত্যাখ্যান হলেও কিংবা ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন হলেও এই ফি ফেরত দেওয়া হবে না।
২০২৩ সালের ডিসেম্বরে পর্যটন খাতকে চাঙা করতে ভারতীয় নাগরিকদের জন্য সর্বোচ্চ ৩০ দিনের ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করেছিল মালয়েশিয়া। পর্যটন, ব্যবসা ও সামাজিক প্রয়োজনে এই সুবিধায় দেশটিতে যাতায়াত করতে পারতেন ভারতীয়রা। তবে সাম্প্রতিক সময়ে এই সুবিধার অপব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হয়।
গত সেপ্টেম্বরে কুয়ালালামপুরে অবস্থিত ভারতীয় হাইকমিশন এক সতর্কবার্তায় জানায়, উল্লেখযোগ্যসংখ্যক ভারতীয় নাগরিক ৩০ দিনের ভিসামুক্ত সুবিধা ব্যবহার করে মালয়েশিয়ায় চাকরি খুঁজতে যাচ্ছেন।
হাইকমিশন সতর্ক করে বলেছিল, পর্যটন ও সামাজিক ভ্রমণের জন্য দেওয়া এই সুবিধা ব্যবহার করে কাজের সন্ধান করা অভিবাসন আইনের লঙ্ঘন। অসাধু এজেন্টদের চাকরির প্রলোভনে পড়ে অনেকেই মালয়েশিয়ায় গিয়ে অবৈধ অবস্থান, প্রতারণা, শোষণ, আটক ও আইনি জটিলতার মুখে পড়তে পারেন।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতীয় নাগরিকদের অন্যতম পর্যটন গন্তব্য হচ্ছে মালয়েশিয়া। ২০২৫ সালে ভারত থেকে প্রায় ১৫ লাখ ৬০ হাজার পর্যটক মালয়েশিয়া ভ্রমণ করেন। এক্ষেত্রে ভিসামুক্ত প্রবেশ সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
সূত্র: ফ্রি মালয়েশিয়া টুডে, এনডিটিভি
এমএইচআর




