ভারত সফরে গিয়ে ঐতিহাসিক তাজমহল ও দিল্লির নিজামুদ্দিন দরগাহ পরিদর্শন করতে চেয়েছিলেন পাকিস্তানের জলবায়ুবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক। তবে তার সেই আবেদনে সাড়া দেয়নি ভারতের কেন্দ্রীয় সরকার।
শুক্রবার (২০ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) প্রথম সভ্যতাবিষয়ক সংলাপ ফোরামে পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে দেশটিতে গেছেন মুসাদ্দিক মালিক। সম্মেলনটি ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত দিল্লির ঐতিহাসিক পুরানা কেল্লায় অনুষ্ঠিত হচ্ছে।
সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, সফরের সময় আগ্রার ঐতিহাসিক মুঘল স্থাপত্য তাজমহল এবং দিল্লির হজরত নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের অনুমতি চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী। কিন্তু এসসিও সম্মেলনের বাইরে অন্য কোনো স্থানে যাওয়ার অনুমতি দেয়নি নয়াদিল্লি।
সরকারের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে, ভারতে পাকিস্তানি এই মন্ত্রী সফর কেবল সম্মেলনে অংশগ্রহণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, অন্য কোথাও যেতে পারবেন না।
আরও পড়ুন
এরআগে শুক্রবার (২০ নভেম্বর) সকালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান মালিক। ২০২৫ সালের মে মাসে দুই দেশের মধ্যে চার দিনের সামরিক সংঘাতের পর এই প্রথম পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফর করছেন।
সর্বশেষ ২০২৩ সালের মে মাসে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতের গোয়ায় এসসিওর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিয়েছিলেন।
এদিকে পাকিস্তানি মন্ত্রীর ভারত সফর নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনেও বিতর্ক তৈরি হয়েছে।
ভারতের বিরোধী দলগুলো প্রশ্ন তুলেছে, পেহেলগাম হামলা ও পরবর্তী সামরিক সংঘাতের পর পাকিস্তানের প্রতি ভারতের নীতিতে কী পরিবর্তন এসেছে যে দেশটির একজন মন্ত্রীকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।
অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসসিওর সক্রিয় সদস্য হিসেবে আঞ্চলিক সহযোগিতা, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর লক্ষ্যেই দেশটি এই সম্মেলনে অংশ নিচ্ছে।
উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য ভারত ও পাকিস্তান ২০১৭ সালে পূর্ণ সদস্যপদ লাভ করে। চীন, রাশিয়া, ইরানসহ ১০টি দেশ এসসিওর সদস্য। আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা, অর্থনীতি ও সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানো এই সংস্থার অন্যতম লক্ষ্য।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে
এমএইচআর




