ভারতের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের অপরাধচক্র ডি-কোম্পানির সঙ্গে যুক্ত গ্যাংস্টার নাসিম দুররানি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) ভোরে উত্তর প্রদেশের বুলন্দশহরে দিল্লি পুলিশ ও নয়ডা স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) যৌথ অভিযানে তিনি নিহত হন। তার বয়স হয়েছিল ৩৭ বছর।
প্রতিবেদনে বলা হয়, দিল্লির আইনমন্ত্রী কপিল মিশ্রর কার্যালয়ের কাছে খাজুরি খাস এলাকায় সমীর নামে ২৬ বছর বয়সী এক যুবককে গুলি করে হত্যায় অভিযুক্ত ছিলেন নাসিম।
পুলিশ জানিয়েছে, ওই দিন সমীরকে লক্ষ্য করে প্রায় ২০ রাউন্ড গুলি ছোড়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নাসিমের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা ও নয়ডা এসটিএফ যৌথ অভিযান শুরু করে।
পুলিশের দাবি, শুক্রবার ভোরে বুলন্দশহরের সিকান্দ্রা বাইপাস এলাকায় তাকে থামার নির্দেশ দেওয়া হয়। এ সময় তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি চালান বলে পাল্টা গুলিতে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তদন্তকারীদের ধারণা, নাসিম দুররানির গ্যাং ও হারুন সাইফির গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরেই সমীরকে হত্যা করা হয়েছে। দিল্লির উত্তর-পূর্বাঞ্চলে মাদক ব্যবসা, জুয়া ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘাত চলছিল।
অপরাধজগতে ‘রিজওয়ান’ নামেও পরিচিত নাসিমের দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী ছোটা শাকিলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ২০১৬ সালে কারাবন্দি গ্যাংস্টার ছোটা রাজনকে হত্যার পরিকল্পনায়ও তার নাম এসেছিল।
এছাড়াও পাকিস্তানি-কানাডীয় সাংবাদিক তারেক ফাতাহকে হুমকি দেওয়ার অভিযোগেও একবার গ্রেফতার হয়েছিলেন নাসিম।
এনডিটিভি জানিয়েছে, নাসিমের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ২০টির বেশি মামলা ছিল। তাকে গ্রেফতারে তথ্য দেওয়ার জন্য ৫০ হাজার রুপি পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ।
নাসিমের মৃত্যুর মধ্য দিয়ে দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের অপরাধী গোষ্ঠীগুলোর দীর্ঘদিনের সংঘাত নতুন মোড় নিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস
এমএইচআর




