ইরান রাসায়নিক ও জৈব অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের পথ কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে কোনো হামলা হলে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান ‘গ্যাস নিয়ে ভাবছে, জৈব অস্ত্র নিয়েও ভাবছে’।
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্র শুরু করেনি। এই সংঘাত শুরু হয়েছে ৫১ বছর আগে।
গত আট মাসে ইরানি কর্তৃপক্ষ ৭৫ হাজার বিক্ষোভকারীকে হত্যা করেছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। তবে এই সংখ্যার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিক্ষোভে প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে, আন্দোলনকারীদের অধিকার নিয়ে কাজ করা কর্মীদের দাবি, রাষ্ট্রীয় দমন-পীড়নে নিহতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানিরা বিক্ষোভ করতে চাইলেও নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার আশঙ্কায় তারা রাজপথে নামতে ভয় পাচ্ছেন।
ওয়াশিংটন ডিসির বাসিন্দাদের ইরানের সম্ভাব্য হামলা নিয়ে উদ্বিগ্নের কারণ আছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্পের ভাষ্য, তিনি তেমনটা মনে করেন না। তবে যুক্তরাষ্ট্রে কোনো হামলা হলে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
ট্রাম্প বলেন, ‘যদি এমনটা ঘটে, তাহলে আমরা তাদের নিশ্চিহ্ন করে দেব।’ এটি প্রতিশ্রুতি কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের কথা দিচ্ছি।’ সূত্র: আল জাজিরা।
এমআর




