বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

স্বর্ণের দামে বড় পতন, ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম

শেয়ার করুন:

স্বর্ণের দামে বড় পতন, ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববাজারে স্বর্ণের দাম ১৪ মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনায় মূল্যবান এই ধাতুর বাজারে দরপতন অব্যাহত রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশের সময় বিকাল ৪টা ৫০ মিনিটে (জিএমটি ১০৫০) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ২ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৭৬৯ দশমিক ৬৮ ডলারে দাঁড়ায়। আর দিনের শুরুতে মূলবান এই ধাতুর দাম কমে ৩ হাজার ৭৫৭ ডলারে নেমেছিল, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। 

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মেয়াদের স্বর্ণের ফিউচার মূল্য ২ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৭৭২ দশমিক ২০ ডলারে লেনদেন হচ্ছে।  

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান স্বর্ণের দামের ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে। ডলারের দাম বাড়লে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য ডলারে নির্ধারিত স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়ে। ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

সুইসকোটের বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, ‘আগামী কয়েক মাসে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ফেডের কঠোর মুদ্রানীতি অনুসরণের প্রত্যাশা স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করছে’।

এদিকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যেও সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। 

মঙ্গলবার নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস বলেন, মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংককে আবারও সুদের হার বাড়াতে হতে পারে।

সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের আকর্ষণ কমে যায়। কারণ, স্বর্ণ থেকে কোনো সুদ বা মুনাফা পাওয়া যায় না। অন্যদিকে, উচ্চ সুদের পরিবেশে বিনিয়োগকারীরা তুলনামূলক নিরাপদ ও সুদ প্রদানকারী সম্পদের দিকে ঝুঁকতে পারেন।

বিনিয়োগকারীরা এখন ফেডের ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিত নীতিনির্ধারণী বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন। বুধবার এটি প্রকাশের কথা রয়েছে। সেখান থেকে ভবিষ্যতে সুদের হার বাড়ানোর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের অবস্থান সম্পর্কে আরও ধারণা পাওয়া যেতে পারে।

এদিকে শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন দেখা গেছে। বুধবার স্পট রুপার দাম ৩ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪৫ দশমিক ৭৯ ডলারে নেমেছে। এছাড়াও প্লাটিনামের দাম ৩ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৩৮২ দশমিক ২৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৯৫০ ডলারে বিক্রি হচ্ছে।

সূত্র: রয়টার্স

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর