যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া ব্যক্তিদের দেশটি থেকে বহিষ্কারের আগে আর পাঁচ কার্যদিবসের নোটিশ দিতে হবে না ব্রিটিশ সরকারকে। নতুন নিয়মে আশ্রয়ের আবেদন চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে আগাম কিছু না জানিয়েই ছয় মাসের মধ্যে বহিষ্কার করতে পারবে দেশটি।
বর্তমানে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বহিষ্কারের আগে পাঁচ কর্মদিবসের নোটিশ দেওয়া হয়। তবে সরকারের মন্ত্রীদের ধারণা, এই নোটিশের সুযোগ নিয়ে অনেকে শেষ মুহূর্তে আপিল করেন। এতে বহিষ্কারপ্রক্রিয়া বিলম্বিত হয়।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বর্তমানে পার্লামেন্টে আলোচনাধীন অভিবাসন ও আশ্রয় বিল সংশোধনের মাধ্যমে এই পরিবর্তন আনবেন।
নতুন সংশোধনীর মাধ্যমে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর আপিলের সব আইনি সুযোগ শেষ হয়ে যাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে আগাম নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়া হবে। এর পরিবর্তে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বহিষ্কারের ক্ষমতা পাবে। এই ক্ষমতা সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে।
নতুন নিয়মের ফলে অতিরিক্ত কতজনকে বহিষ্কার করা সম্ভব হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সংখ্যা জানায়নি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে একই ধরনের নীতি চালুর পর ডেনমার্কে বহিষ্কারের অপেক্ষায় থাকা অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার উদাহরণ তুলে ধরেছে তারা।
সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ডেনমার্কে একই ধরনের নীতি চালুর পর পাঁচ বছরে বহিষ্কারের অপেক্ষায় থাকা অভিবাসীর সংখ্যা অর্ধেকেরও বেশি কমেছে। বর্তমানে দেশটিতে এ ধরনের অভিবাসীর সংখ্যা ১ হাজারের নিচে।
এর আগে স্যার কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার আশ্রয়ের আবেদনসংক্রান্ত দীর্ঘদিনের জট বা ব্যাকলগ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল।
২০২৬ সালের জুনে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদনের প্রাথমিক সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন ৪০ হাজার ১৬৮ জন। এ ছাড়া আদালতে আপিলের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন আরও ৯০ হাজার ৩৪১ জন।
২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সময়ে আশ্রয়ের আবেদনের ৩৮ শতাংশের ক্ষেত্রে আবেদনকারীদের শরণার্থী মর্যাদা দেওয়া হয়েছে।
যুক্তরাজ্যে জমা পড়া মোট আশ্রয়ের আবেদনের ৪০ শতাংশই আসে ছোট নৌকায় করে দেশটিতে প্রবেশ করা ব্যক্তিদের কাছ থেকে।
বাকি ৬০ শতাংশ আবেদন করেন এমন ব্যক্তিরা, যাঁরা অন্য অনিয়মিত পথে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন অথবা বৈধভাবে দেশটিতে আসার পর আশ্রয়ের আবেদন করেছেন।
যুক্তরাজ্যের সীমান্ত নিরাপত্তা ও আশ্রয়বিষয়ক মন্ত্রী আনা টারলি বলেন, ‘যেসব অভিবাসীর আপিল করার অধিকার শেষ হয়ে গেছে, তাদের দ্রুত বহিষ্কার নিশ্চিত করছি আমরা। এর পরিবর্তে তাদের এমন কোনো সুযোগ দেওয়া হবে না, যার মাধ্যমে তারা দেশ থেকে তাঁদের বৈধ বহিষ্কারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পারেন।’
তিনি আরও বলেন, এই বিল অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ ফিরিয়ে আনবে এবং পুরো প্রক্রিয়াকে দ্রুত ও ন্যায়সংগত করবে।
সূত্র: ইনফোমাইগ্রেন্টস
এমএইচআর




