ভারতের উত্তর প্রদেশে ভোটার তালিকা থেকে এক কোটি ২৭ লাখ হিন্দু ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর উত্তর প্রদেশের নির্বাচনী তালিকা থেকে প্রায় ১ কোটি ২৭ লাখ হিন্দু ভোটারের নাম নির্বাচন কমিশনের তালিকায় পাওয়া যাচ্ছে না।
তিনি আরও দাবি করেন, প্রায় ৬৬ লাখ ভোটারের নাম পঞ্চায়েতের ভোটার তালিকায় থাকলেও বিধানসভা নির্বাচনের তালিকায় নেই। এছাড়া সরকারি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগী প্রায় ৫৫ লাখ হিন্দু ভোটারের নামও তালিকায় অনুপস্থিত। ১৮ থেকে ১৯ বছর বয়সী প্রায় সাড়ে চার লাখ তরুণ ভোটারের নাম নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
আদিত্যনাথ বলেন, এ বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। ভোটার তালিকার অসংগতিগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
তবে এসব অভিযোগের জবাবে উত্তর প্রদেশেরপ্রধান নির্বাচনী কর্মকর্তা (সিইও) নবদীপ রিনওয়া বলেন, নির্বাচন কমিশনের ভোটার ডেটাবেজে ধর্ম বা জাতির কোনো তথ্য রাখা হয় না। ভোটার তালিকায় মূলত ভোটারের নাম, বাবা বা স্বামীর নাম, বয়স, জন্মতারিখ, বাড়ির নম্বর ও লিঙ্গের তথ্য থাকে।
তিনি বলেন, কমিশনের কাছে ধর্মভিত্তিক কোনো তথ্য না থাকায় কতজন হিন্দু, মুসলিম বা অন্য ধর্মাবলম্বী ভোটারের নাম বাদ পড়েছে, তার সরকারি হিসাব দেওয়ার সুযোগ নেই।
নবদীপ রিনওয়া আরও জানান, ভোটার তালিকা প্রকাশ্য নথি হওয়ায় বিভিন্ন গণমাধ্যম ও স্বাধীন বিশ্লেষকেরা নামের ভিত্তিতে তথ্য বিশ্লেষণ করতে পারেন। তবে এ ধরনের বিশ্লেষণকে নির্বাচন বিভাগের আনুষ্ঠানিক তথ্য হিসেবে বিবেচনা করা যাবে না।
এদিকে মঙ্গলবার ২০২৭ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন বিভাগ। এতে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ৫৮ লাখ ৬৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ কোটি ৩৮ লাখ ৫৮ হাজার ৫১০ জন, নারী ভোটার ৬ কোটি ২০ লাখ ৬ হাজার ৩৫৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ হাজার ৪২ জন।
গত ১০ এপ্রিল প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকার তুলনায় নতুন খসড়া তালিকায় ভোটার বেড়েছে ১৮ লাখ ৮৪ হাজার ১১৩ জন।
প্রসঙ্গত, ভারতের বিভিন্ন রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে বিরোধী দলগুলোর মধ্যেও তীব্র আপত্তি রয়েছে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেসসহ বিভিন্ন বিরোধী দলগুলোর অভিযোগ, এসআইআর নামে দেশজুড়ে প্রায় ১৩ কোটি ভোটারের নাম বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে দরিদ্র, পরিযায়ী শ্রমিক, সংখ্যালঘু মুসলিম ও প্রান্তিক জনগোষ্ঠীর ভোটারদের বাদ দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন বিরোধী নেতারা।
এবার সেই বিতর্কের মধ্যেই ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া নিয়ে যোগী আদিত্যনাথের এই দাবি ঘিরে দেশটিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
অন্যদিকে নির্বাচন কমিশনের বক্তব্য, ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করা এবং মৃত, স্থানান্তরিত ও একাধিকবার নিবন্ধিত ভোটারদের নাম বাদ দেওয়াই এই প্রক্রিয়ার উদ্দেশ্য।
সূত্র: এনডিটিভি
এমএইচআর




