মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।  

মঙ্গলবার (১৭ নভেম্বর) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানায়, সোমবার (১৬ নভেম্বর) রাওয়ালপিন্ডিতে আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের ইরানি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের মধ্যে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও মতবিনিময় করেন তারা।

আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে দুই দেশের মধ্যে ধারাবাহিক যোগাযোগ, পারস্পরিক আস্থা এবং ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন আসিম মুনির। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তান ও ইরানের একসঙ্গে কাজ করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

অন্যদিকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছেন আব্বাস আরাগচি। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে ইরানের আগ্রহের কথা জানান তিনি।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। দেশটি এর আগে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং সরাসরি আলোচনার আয়োজনেও ভূমিকা রেখেছে। 

এর আগে সোমবার ইসলামাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৩০তম সম্মেলনে যোগ দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি।

সম্মেলনে আঞ্চলিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং জ্বালানি পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে একটি নির্ভরযোগ্য ও টেকসই আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সূত্র: ডন

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর