মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫১ এএম

শেয়ার করুন:

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সোমবার সন্ধ্যায় দক্ষিণ ও এর সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়। এটির নাম দেওয়া হয় ‘আকভান’। 

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এটি আরও শক্তিশালী হয়ে ১৭ নভেম্বর সন্ধ্যার দিকে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরে ১৯ নভেম্বর সকালে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

ভারতের আবহাওয়া দপ্তরের বুলেটিনে বলা হয়, গত ছয় ঘণ্টায় গভীর নিম্নচাপটি ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ রূপ নিয়েছে।

ঘূর্ণিঝড়টির কেন্দ্র দক্ষিণ ও এর সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থান করছে। এটি ভারতের তামিলনাড়ুর চেন্নাই থেকে প্রায় ৬১০ কিলোমিটার পূর্বে, শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি থেকে ৬৩০ কিলোমিটার উত্তর-পূর্বে, অন্ধ্রপ্রদেশের মাচিলিপত্তনম থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং উড়িশার গোপালপুর থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণে রয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। ১৭ নভেম্বর সন্ধ্যার দিকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ১৯ নভেম্বর সকালে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

২০ নভেম্বর দুপুরের দিকে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের নেল্লোর ও তুনি এলাকার মধ্যবর্তী স্থান দিয়ে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। 

এ সময় বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

বঙ্গোপসাগরে তিন সপ্তাহের মধ্যে সম্ভাব্য তৃতীয় ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ভারতের উড়িশা রাজ্য সরকার প্রস্তুতি জোরদার করেছে। 

বিশেষ করে রাজ্যের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় জেলাগুলোকে প্রতিকূল আবহাওয়া মোকাবিলায় সতর্ক থাকতে বলা হয়েছে।

এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সব জেলায় ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণকক্ষ চালু রাখা হবে। পাশাপাশি জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী, উড়িশা দুর্যোগ মোকাবিলা বাহিনী, দমকল ও জরুরি সেবার কর্মীদের উদ্ধার ও সরিয়ে নেওয়ার কাজে প্রস্তুত রাখা হবে।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী সুরেশ পূজারি বলেন, গত অক্টোবরে ঘূর্ণিঝড় ‘আরনাব’ দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল। 

চলতি মাসের শুরুতে ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাবে ওই অঞ্চলে বৃষ্টিপাত হয়। এ কারণে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত ২৮ অক্টোবর প্রতিবেশী অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর সময় ভয়াবহ বন্যায় উড়িশার দক্ষিণাঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর