সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

ইয়েমেনি ৬০০ যোদ্ধাকে মুক্তি দিলো হুথিরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম

শেয়ার করুন:

ইয়েমেনি ৬০০ যোদ্ধাকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সরকারি বাহিনীর ৬০০ যোদ্ধাকে মুক্তি দিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। 

রোববার (১৫ নভেম্বর) তাদের রাজধানী সানায় এক অনুষ্ঠানের মাধ্যমে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল কমিটি ফর রেডক্রস।

সংবাদমাধ্যম দ্য নিউ আরব জানিয়েছে, গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরুর পর সরকারি বাহিনীর এসব যোদ্ধাকে আটক করা হয়। হুথিরা ৬০০ সরকারি সেনাকে কোনো বিনিময় ছাড়া মুক্তি দিয়েছে।

সানার বন্দি বিষয়ক কমিশনের চেয়ারম্যান আব্দেলকাদের আল-মুর্তাদা বলেছেন, “কোনো বিনিময় ছাড়া এটিই সবচেয়ে বেশি বন্দিকে মুক্তি দেওয়ার ইতিহাস।”

তিনি জানিয়েছেন, এর আগে আরও ২ হাজার ৬১২ জন বন্দিকে মানবতার দিক বিবেচনা করে মুক্তি দিয়েছেন। কিন্তু তাদের যোদ্ধাদের ইয়েমেন সরকার মুক্তি দেয়নি।

এছাড়া তিনি অভিযোগ করেছেন, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র মিলে বন্দি মুক্তিতে বাধা দেওয়ার চেষ্টা করে আসছে।

রেডক্রসের সদস্যরা ৬০০ বন্দির সবার সঙ্গে কথা বলেন এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন।

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। ওই বছর রাজধানী সানাসহ দেশটির বৃহৎ অংশ দখল করে নেয় হুথি বিদ্রোহীরা। 

পরে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এতে হস্তক্ষেপ করে। টানা সাত বছর বিমান হামলা চালিয়েও হুথিদের পরাস্ত করতে না পেরে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি ও হুথিদের মধ্যে যুদ্ধবিরতি হয়।

তবে চলতি বছলের জুলাইয়ে এটি ভেঙে যায়। এখন ইয়েমেনে নতুন করে আবারও গৃহযুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর