ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার (১৪ নভেম্বর) তার প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের সঙ্গে একটি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
কিন্তু আইজেনকোট এই প্রস্তাবকে একটি কৌশল বা ছলনা হিসেবে অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছেন। খবর দ্যা ডনের।
গত রোববার প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত হওয়ার পর আইজেনকোট যখন সরকার গঠনের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই এই নতুন প্রস্তাব দেন চতুর এই যুদ্ধবাজ নেতা নেতানিয়াহু।
গত বৃহস্পতিবার আইজেনকোটের সঙ্গে বৈঠকের পর এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি জাতীয় ঐক্য সরকার গঠন করা যে অপরিহার্য, তা এই বৈঠকের মাধ্যমে আরও জোরালোভাবে প্রমাণিত হয়েছে।
তিনি জানান, এই সরকারে এমন দলগুলো অন্তর্ভুক্ত থাকবে যারা ইসরায়েলকে “ইহুদি জনগণের রাষ্ট্র” হিসেবে স্বীকৃতি দেয়।
তিনি যোগ করেন, এই সরকার বিভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করবে—যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ইরান। নেতানিয়াহুর দাবি, ইরান “আমাদের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না”।
বিদায়ী প্রধানমন্ত্রী আইজেনকোটের সংখ্যালঘু সরকার গঠনের পরিকল্পনার বিরুদ্ধে সতর্ক করেন বলেন, পরিকল্পনাটিকে “জাতীয় জরুরি সরকার” হিসেবে উপস্থাপন করা হয়েছে।
এই পরিকল্পনা অনুযায়ী, আইজেনকোটের ব্লকের ৪৮ জন আইনপ্রণেতা তার সরকারের পক্ষে ভোট দেবেন, অন্যদিকে নেতানিয়াহুর সমর্থক আইনপ্রণেতার সংখ্যা হবে ৪৬ জন।
পার্লামেন্টের বাকি ২৬ জন সদস্য—যারা আরব ও অর্থোডক্স দলগুলোর—ভোটদান থেকে বিরত থাকতে পারেন। এর ফলে ১২০ আসনবিশিষ্ট নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই সরকার অনুমোদিত হতে পারবে।
নেতানিয়াহু আহ্বান জানিয়ে বলেন, একটি দুর্বল ও বিপজ্জনক সরকার গঠনের চেষ্টা না করে... আসুন আমরা কোনো পূর্বশর্ত ছাড়াই এক কক্ষে বসি, আমাদের সব মতপার্থক্য ও বয়কটের বিষয়গুলো সরিয়ে রাখি এবং রাষ্ট্রের নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য একটি সমঝোতায় পৌঁছাই।
এর কয়েক মিনিট পরই আইজেনকোট প্রতিক্রিয়া জানিয়ে বলেন, নেতানিয়াহু “ভালোভাবেই জানেন যে তিনি নির্বাচনে হেরে গেছেন”। তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেন যে, ঐক্যের সরকারের আহ্বান জানিয়ে তিনি আসলে “চাল” বা কৌশল অবলম্বন করছেন।
সাবেক এই সেনাপ্রধান বলেন, “নেতানিয়াহু আলোচনার আহ্বান জানাচ্ছেন, অথচ আলোচনা ইতিমধ্যেই চলছে; তিনি ঐক্যের কথা বলছেন, কিন্তু... বিভাজন সৃষ্টি করছেন এবং এমনভাবে উত্তেজনা উসকে দিচ্ছেন যেন আগামীকাল বলে আর কিছু নেই।” তিনি আরও যোগ করেন, “এসব কৌশল আমার ওপর কাজ করবে না।”
আইজেনকোটকে ২৮ দিনের মধ্যে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে, যার মেয়াদ প্রয়োজনে আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।
আলোচনাটি কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে, বিশেষ করে নেতানিয়াহু আরব-ইসরায়েলি দলগুলোকে হেয় করার জন্য একটি প্রচারণা চালিয়েছেন—যে দলগুলো এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক আসন পেয়েছে।
নেতানিয়াহুর প্রস্তাবিত ঐক্য সরকারে মধ্যপন্থী থেকে ডানপন্থী প্রধান ইহুদি দলগুলো অন্তর্ভুক্ত থাকবে, তবে এতে আরব দলগুলোকে রাখা হবে না।
আইজেনকোট ইঙ্গিত দিয়েছেন যে, তিনি নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং বিদায়ী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিখের ‘রিলিজিয়াস জায়োনিজম’ (ধর্মীয় জায়নবাদ) দলের সদস্যদের নিয়ে সরকার গঠনে আগ্রহী হতে পারেন, যদি ঐক্যের প্রতি তাদের অঙ্গীকার ‘আন্তরিক’ হয়।
তবে নেতানিয়াহুকে নিয়ে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা ক্ষীণ, বিশেষ করে শুক্রবার আইজেনকোট যখন আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘বর্ণবাদী’ প্রচারণার তীব্র নিন্দা জানিয়েছেন।
শনিবার আইজেনকোট আবারও ‘চরমপন্থীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার’ আহ্বান জানান—বিশেষ করে উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভিরের সমর্থকদের সঙ্গে—যা তার নেতৃত্বে সরকার গঠনের প্রক্রিয়ায় অংশগ্রহণের অন্যতম শর্ত হিসেবে তিনি উল্লেখ করেছেন।
নেতানিয়াহু প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহযোগিতার বিরোধিতা করলেও রাজনৈতিক স্বার্থে গোপনে তাদের সমর্থন চেয়েছিলেন—এমন অভিযোগ তুলেছেন দেশটির পার্লামেন্ট নেসেটের আরব জয়েন্ট লিস্টের সদস্য আহমাদ তিবি।
শুক্রবার (১৩ নভেম্বর) ইসরায়েলের চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিবি এসব অভিযোগ করেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দল ইয়াশারের চেয়ারম্যান গাদি আইজেনকোটের নেতৃত্বে বিকল্প সরকার গঠনের উদ্যোগ ঠেকাতে নেতানিয়াহুর ঘনিষ্ঠজনেরা আরব আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে দাবি করেছেন তিনি।
-এমএমএস




