ভারতের আলোচিত শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকে গৃহবন্দি করা হয়েছে। ৬০ দিনের জন্য তাকে হাউজ অ্যারেস্ট করা হয়েছে। আগামী দুই মাস তিনি কোনও মিছিল বা ধর্নায় অংশ নিতে পারেন না।
আজ রোববার (১৫ নভেম্বর) লেহ-এর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাকে গৃহবন্দির নির্দেশ দিয়েছেন। খবর এনডিটিভির।
আগামী ৪ ডিসেম্বর লাদাখে কাউন্সিল নির্বাচন হবে। তবে সোনম ওয়াংচুকসহ লাদাখের বিভিন্ন সংগঠন এর বিরোধীতা করছে।
শনিবার এ নিয়ে একটি আন্দোলনে গিয়েছিলেন ওয়াংচুক। সেখান থেকে তাকে সরিয়ে দেওয়ার একদিন পর গৃহবন্দির নির্দেশ দেওয়া হলো।
তাকে গৃহবন্দি করার জন্য প্রশাসন পুলিশের প্রতিবেদন এবং লেহ পুলিশ প্রধানের একটি চিঠির কথা উল্লেখ করেছে। যে চিঠিতে লেহ পুলিশ প্রধান ওয়াংচুকের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপের অনুরোধ করেছেন।
তাকে গৃহবন্দি করার নির্দেশনাটি রোববার থেকেই কার্যকর হবে এবং পরবর্তী ৬০দিন অব্যাহত থাকবে।
ওয়াংচুক এবং অন্যান্য অধিকারকর্মীরা বলেছেন, ৪ ডিসেম্বর কাউন্সিল নির্বাচনের সময় প্রচুর শীত থাকবে এবং মানুষ অন্যত্র যাওয়ায় ভোটে এর প্রভাব পড়বে।
ওয়াংচুক সামাজিক যোগাযোগমাধ্যমে তার গৃহবন্দি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তার বাড়ি কয়েক ডজন পুলিশ সদস্য ঘিরে ফেলেছেন।
সোনম ওয়াংচুক বর্তমান কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকারের ঘোর বিরোধী। দিল্লিতে কয়েক মাস আগে সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেখানে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। এছাড়া লাদাখের পরিবেশ রক্ষায়ও তিনি বেশ সোচ্চার।
এর আগে ২৮ জুন থেকে নয়াদিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ ও ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার অনিয়মের প্রতিবাদে আমরণ অনশন শুরু করেন সোনম ওয়াংচুক।
একটানা ২৬ দিন অনশনের পর গত ২৪ জুলাই কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতিতে তিনি তার অনশন ভাঙেন।
-এমএমএস




