শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘আমার ফোনে আড়ি পাতছেন মোদি’, অভিযোগ রাহুল গান্ধীর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম

শেয়ার করুন:

‘আমার ফোনে আড়ি পাতছেন মোদি’, অভিযোগ রাহুল গান্ধীর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজের ফোনে আড়ি পাতার অভিযোগ তুলেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। একই সঙ্গে মোদিকে সরাসরি প্রকাশ্য বিতর্কে অংশ নেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। 

শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রচারিত ‘আস্ক মি’ নামে এক প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন রাহুল গান্ধী।

এ সময় নিজের মোবাইল ফোন হাতে তুলে ধরে তিনি বলেন, ‘আমার সব অভিযোগের প্রমাণ এই ফোনেই রয়েছে। প্রধানমন্ত্রীও বিষয়টি জানেন, কারণ তিনি আমার ফোনে আড়ি পাতছেন।’

রাহুল গান্ধী দাবি করেন, তার ফোনে এমন সব তথ্যপ্রমাণ রয়েছে, যা প্রকাশ্যে এলে বিদেশি শক্তির প্রভাব এবং দেশবিরোধী কর্মকাণ্ড নিয়ে অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে।

এদিকে গত ১২ দিনে সপ্তমবারের মতো প্রধানমন্ত্রী মোদিকে প্রকাশ্যে বিতর্কের জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। 

রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সঙ্গে সরাসরি বিতর্কে বসলে কে বিদেশি শক্তির নিয়ন্ত্রণে কাজ করছেন, কে দেশবিরোধী এবং কত দিন ধরে এমন কর্মকাণ্ডে জড়িত—তা সবার সামনে পরিষ্কার হয়ে যাবে’।

তিনি আরও বলেন, যেকোনো সময়, যেকোনো জায়গায় এবং যেকোনো মঞ্চে এই বিতর্কে অংশ নিতে তিনি প্রস্তুত। বিতর্কের সময় ও স্থান প্রধানমন্ত্রী নিজেই নির্ধারণ করতে পারবেন।

রাহুলের প্রস্তাবিত বিতর্কের ধরনও বেশ ব্যতিক্রমী। তিনি বলেন, দীর্ঘ বক্তৃতার পরিবর্তে দুজন মুখোমুখি বসে একে অপরকে প্রশ্ন করবেন এবং অভিযোগ তুলবেন। এ ক্ষেত্রে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি কিংবা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতকে বিতর্কের বিচারক হিসেবেও প্রস্তাব করেন তিনি।

কংগ্রেস নেতা আরও দাবি করেন, সংসদে তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে দেওয়া হয় না। কৃষি আইন, ভোট চুরি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর), চীন এবং সাবেক সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানের বইসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

এমনকি সংসদে তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়ার অভিযোগও তোলেন।

এদিকে রাহুল গান্ধীর বিতর্কের চ্যালেঞ্জ নিয়ে পাল্টা বক্তব্য দিয়েছে ক্ষমতাসীন বিজেপি। দলটির নেতারা তাকে সংসদেই এসব বিষয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছেন। 

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সংসদই এ ধরনের আলোচনার উপযুক্ত জায়গা। কংগ্রেস আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানালে বিশেষ সংসদ অধিবেশন আয়োজনের বিষয়েও সরকার প্রস্তুত বলে জানান তিনি।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও রাহুলের বিতর্কের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বিতর্কের জন্য আলাদা জায়গা নির্ধারণ করতে বলার পরিবর্তে সংসদে আলোচনায় অংশ নেওয়া উচিত।

উল্লেখ্য, এর আগেও রাহুল গান্ধী তার ফোনে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহারের অভিযোগ তুলেছিলেন। 

২০২৩ সালে তিনি দাবি করেছিলেন, তার পাশাপাশি আরও অনেক রাজনীতিকের ফোনে নজরদারি করা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার।

সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস

এমএইচআর

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর