ইরানের সিরিক শহরে টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
বৃহস্পতিবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসির বরাত দিয়ে তাসনিম জানায়, ‘এটি আগ্রাসী শত্রুর প্রতি একটি কঠোর সতর্কবার্তা। তাদের আকাশপথে উস্কানিমূলক তৎপরতা এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পাচার বন্ধ করতে হবে। এসব লঙ্ঘন ও আগ্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স কোনো সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’
এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে দেশটির সরকারি সূত্রগুলো জানিয়েছে, বৃহস্পতিবার হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের গোলাবর্ষণে’ হামলা চালানো হয়েছে।
২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ইরানে ব্যাপক বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার পাশাপাশি দেশটির শীর্ষ পর্যায়ের নেতারাও লক্ষ্যবস্তু হন। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।
জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। উপসাগরীয় কয়েকটি দেশেও হামলার ঘটনা ঘটে।
প্রায় দেড় মাসের সংঘাতের পর ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়। পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়। ১৭ জুন একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সামরিক অভিযান বন্ধ, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং পরবর্তী সময়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়ে সমঝোতা হয়। তবে সমঝোতা বেশিদিন স্থায়ী হয়নি। জুলাইয়ে আবার সংঘাত শুরু হয়।
এরপর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে বিরোধ এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হয়। ফলে সংঘাতের প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়ে।
সাম্প্রতিক সময়ে কাতার, পাকিস্তানসহ কয়েকটি দেশ যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। তবে পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মতপার্থক্য এখনো রয়েছে। ফলে এখনো দুই দেশ পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে।
এমআর




