শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলিবিদ্ধ ৫, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৬ এএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলিবিদ্ধ ৫, নিহত ১
ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন সড়ক ঘিরে রেখেছে পুলিশ।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটি ফিটনেস সেন্টারে বন্দুক হামলার ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। পরে পুলিশের অভিযানের সময় সন্দেহভাজন বন্দুকধারীও মারা গেছেন। তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি নিজের গুলিতেই আহত হয়েছিলেন।

স্থানীয় সময় সকালে শহরের লোগান সার্কেল এলাকার ফিফটিন্থ ও পি স্ট্রিট, নর্থওয়েস্টে অবস্থিত একটি ফিটনেস সেন্টারে এ ঘটনা ঘটে। হোয়াইট হাউস থেকে স্থানটি এক মাইলেরও কম দূরে। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর ওই এলাকার বিভিন্ন সড়কে ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি জনসাধারণকে এলাকাটি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

ডিসি পুলিশের অন্তর্বর্তীকালীন প্রধান জেফ্রি ডব্লিউ ক্যারল জানান, স্থানীয় সময় সকাল আটটার ঠিক আগে (গ্রিনিচ মান সময় দুপুর ১টা) জরুরি সেবায় গুলি চালানোর খবর আসে। খবর পাওয়ার ৩০ সেকেন্ডের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় আহত চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বাকি তিনজনের আঘাত গুরুতর নয় বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তি ওই ভবনের সপ্তম তলার একটি ইউনিটে নিজেকে অবরুদ্ধ করে রাখেন। পুলিশের ধারণা, সেটি তাঁর নিজের অ্যাপার্টমেন্ট। আলোচনার দায়িত্বে থাকা কর্মকর্তারা প্রথমে ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে তাঁরা গুলির শব্দ শুনতে পান এবং সন্দেহভাজন ব্যক্তি যোগাযোগ বন্ধ করে দেন।

পরে পুলিশ সদস্যরা জোর করে অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন। সেখানে সন্দেহভাজন ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পুলিশের ধারণা, তিনি নিজের গুলিতেই আহত হয়েছিলেন এবং আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পরে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন পুলিশের একজন মুখপাত্র। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

সন্দেহভাজন ব্যক্তি একজন শ্বেতাঙ্গ পুরুষ বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অ্যাপার্টমেন্ট ভবনটির সঙ্গে তাঁর কোনো বিরোধ ছিল। তবে ঘটনার পেছনের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

এদিকে, গুলির ঘটনায় ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোগান সার্কেল এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, তিনি এক প্রতিবেশীকে রক্তাক্ত অবস্থায় দেখেছেন। ঘটনার পর আবাসিক ভবনের বাসিন্দাদের কেউ ভেতরে থাকবেন, নাকি নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাইরে বেরিয়ে যাবেন—তাৎক্ষণিকভাবে সেই সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁদের।

ঘটনার পর ভবনটি সম্পূর্ণ নিরাপদ কি না, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি ও নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যায়।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর