যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি আবাসিক ভবন ধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চারটি আবাসিক ইউনিট থাকা ভবনটি ১৯৩০ সালে নির্মিত হয়েছিল। পাশের একটি নির্মাণাধীন স্থাপনার জন্য খনন করা গর্তের মধ্যে ভবনটি ধসে পড়ে।
নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট (এফডিএনওয়াই) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টার কিছু পর ভবন ধসের খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কয়েক ডজন অগ্নিনির্বাপণকর্মী কাজ শুরু করেন। উদ্ধার অভিযানে প্রশিক্ষিত কুকুরও ব্যবহার করা হয়।
দুর্ঘটনার পর প্রাথমিকভাবে চারজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আরও ছয়জন সামান্য আহত হন। ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত দুজনকে জীবিত উদ্ধারের খবর পাওয়া গেছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজনকে ধসের প্রায় আড়াই ঘণ্টা পর বের করে আনা হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের ফুটেজে দেখা গেছে, ভবনটির ধ্বংসাবশেষ পাশের নির্মাণস্থলের গর্তে পড়ে রয়েছে। এতে আশপাশের ভবনের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি পাশের ভবনের দেয়াল ভেঙে ভেতরের কক্ষগুলো উন্মুক্ত হয়ে পড়ে।
নিউইয়র্ক সিটি ভবন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে সহায়তা এবং আশপাশের ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা পরীক্ষা করছেন। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উদ্ধার অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: রয়টার্স
এমএইচআর




