বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভের আকস্মিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০১:১৪ এএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভের আকস্মিক মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভ মারা গেছেন। ৬৬ বছর বয়সে আকস্মিক মৃত্যু হয় অভিজ্ঞ এই কূটনীতিকের। 

বুধবার (১১ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দারচিয়েভের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। 

বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন এই পদে নিযুক্ত হওয়ার মাত্র দেড় বছর পর বুধবার তিনি আকস্মিকভাবে মারা গেছেন’। তবে তার মৃত্যুর কারণ বা কোথায় মারা গেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, দারচিয়েভ ছিলেন একজন অসাধারণ কূটনীতিক, অভিজ্ঞ নেতা এবং অমায়িক সহকর্মী এবং তিনি রুশ পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্রে কাজ করতেন। রাশিয়া-মার্কিন সম্পর্ক বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন তিনি।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মন্ত্রণালয় তার পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার অল্প কিছুদিন পর ২০২৫ সালের মার্চে যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূত এ পদে দারচিয়েভকে নিয়োগ দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি আনাতোলি আন্তোনভের স্থলাভিষিক্ত হন।

পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচক হিসেবে পরিচিত দারচিয়েভ তার দীর্ঘ কূটনৈতিক জীবনে যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকাবিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা ও উত্তর আটলান্টিকবিষয়ক বিভাগের প্রধান ছিলেন। ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত ওয়াশিংটনে রুশ দূতাবাসে মিনিস্টার-কাউন্সেলর হিসেবে কাজ করেন তিনি। পরে আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরে উত্তর আমেরিকাবিষয়ক দায়িত্ব পালন করেন।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত আলোচনায় রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দারচিয়েভ। ইউক্রেন যুদ্ধের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার কূটনৈতিক প্রচেষ্টায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

সূত্র: রয়টার্স, আলজাজিরা

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর