ইতালিজুড়ে ই-মেইলের মাধ্যমে একযোগে অন্তত ৩০০টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় স্কুলগুলো থেকে হাজার হাজার শিক্ষার্থী ও শিক্ষককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে প্রশাসন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১১ নভেম্বর) রাজধানী রোমসহ ইতালির বিভিন্ন এলাকার স্কুলগুলোতে একই ধরনের ই-মেইল পাঠানো হয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠানে বিস্ফোরক রাখা হয়েছে বলে দাবি করা হয়।
দেশটির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা এই তথ্য নিশ্চিত করেছেন এবং আক্রান্ত স্কুলের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন।
স্থানীয় টেলিভিশন চ্যানেল লা৭-কে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, হুমকিগুলোকে আপাতত ভুয়া বলে ধারণা করা হচ্ছে। এত বিপুলসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে একই বার্তা পাঠানোর বিষয়টি হুমকির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
রোমের একটি স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের বার্তায় জানায়, জাতীয় পর্যায়ে বোমা হামলার সতর্কতার পর সব শিক্ষার্থীকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। শিক্ষক ও কর্মীদের তত্ত্বাবধানে তাদের রাখা হয়েছে।
এ ঘটনায় ইতালির পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোনো বিস্ফোরক উদ্ধার বা হামলার বাস্তব প্রস্তুতির বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে রয়টার্সের দেখা একটি ই-মেইলে বার্তা প্রেরকের নাম উল্লেখ করা হয়েছে ‘মিখাইল আন্দ্রোপভ’। নিজেকে ‘ভিলায়াত অব মিসোজিনিস্তান’-এর নেতা হিসেবে পরিচয় দিয়েছেন তিনি।
এর আগে আয়ারল্যান্ড ও বুলগেরিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের কার্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে পাঠানো ই-মেইলেও একই নাম ব্যবহার করা হয়েছিল।
প্রসঙ্গত, ইউরোপজুড়ে সাম্প্রতিক সময়ে এ ধরনের নিরাপত্তা হুমকি বাড়ছে। এর আগে সুপারমার্কেট, রক্ত সংরক্ষণাগার, বিমান চলাচল এবং টেলিভিশন সম্প্রচারকেন্দ্রকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের হুমকি ও হামলার ঘটনা ঘটেছে।
সূত্র: রয়টার্স
এমএইচআর




