ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্ত্রী ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, স্বামীর জীবন নিয়ে সব সময় আতঙ্কে থাকতেন তিনি। শাশুড়ি ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পর তার মনে হতো, পরবর্তী লক্ষ্য হবেন রাজীব। শেষ পর্যন্ত ১৯৯১ সালে তার সেই আশঙ্কাই সত্যি হয়। শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী সংগঠন তামিল টাইগার্সের আত্মঘাতী হামলায় নিহত হন রাজীব গান্ধী।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক বিরল সাক্ষাৎকারে নিজের জীবনের নানা ঘটনা, দুই পরিবারের রাজনৈতিক ইতিহাস, স্বামী ও শাশুড়ির হত্যাকাণ্ড এবং ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন সোনিয়া। সাক্ষাৎকারটি নিয়েছেন গার্ডিয়ানের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রতিনিধি হ্যানা এলিস-পিটারসন।
সাক্ষাৎকারে সোনিয়া জানান, ১৯৮৪ সালে শাশুড়ি ও তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে। পুরো বাড়ি কার্যত দুর্গে পরিণত হয়েছিল। সন্তান রাহুল ও প্রিয়াঙ্কার শোবার ঘরেও কমান্ডো মোতায়েন করা হয়েছিল। নিরাপত্তার কারণে সন্তানদের স্কুল থেকেও সরিয়ে নিতে হয়েছিল।
সোনিয়া আরও জানান, রাজীব কোনো সফর থেকে ফিরতে সামান্য দেরি করলেও আতঙ্কিত হয়ে পড়তেন তিনি।
তিনি বলেন, ‘আমার মনে সব সময় একটি ভয় কাজ করত—এরপর রাজীবকেই হত্যা করা হবে’।
স্বামীর মৃত্যুর পর দীর্ঘ সময় গভীর শোকের মধ্যে কাটানোর কথা জানিয়েছেন সোনিয়া।
তিনি বলেন, ‘রাজীবের মৃত্যুর পর আমার বোন ইতালিতে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু আমি তা প্রত্যাখ্যান করি। কারণ, ভারতই আমার ও সন্তানদের বাড়ি।’
সাক্ষাৎকারে শাশুড়ি ইন্দিরা গান্ধীর সঙ্গে নিজের সম্পর্কের কথাও তুলে ধরেন সোনিয়া।
তিনি বলেন, ‘প্রকাশ্যে ইন্দিরা কঠোর রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও পারিবারিক জীবনে ছিলেন সংবেদনশীল একজন মানুষ’।
১৯৭৫ সালে ভারতে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়ে গান্ধী পরিবারের মধ্যেও মতবিরোধ ছিল উল্লেখ করে সোনিয়া দাবি করেন, ‘রাজীব ওই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন’।
সম্প্রতি নিজের আত্মজীবনীতেও ইন্দিরার জরুরি অবস্থা জারির সিদ্ধান্তকে ভুল বলে উল্লেখ করেছেন তিনি।
রাজীব হত্যাকাণ্ডের পেছনে আরও গভীর ষড়যন্ত্র ছিল বলে এখনো বিশ্বাস করেন সোনিয়া।
তিনি অভিযোগ করেন, হত্যাকাণ্ডের আগে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো সম্ভাব্য হুমকির সংকেত পেয়েছিল। কিন্তু সেসব সতর্কতা যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি এবং রাজীবের সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তাও তুলে নেওয়া হয়েছিল। এ হত্যাকাণ্ডের প্রকৃত সত্য এখনো প্রকাশিত হয়নি বলে মনে করেন কংওগ্রস নেত্রী।
সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সরকারের সমালোচনাও করেছেন সোনিয়া।
তিনি বলেন, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল করা হচ্ছে এবং বিরোধী দলকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না। সংসদে সরকার ও বিরোধীদের মধ্যে আগের মতো আলোচনা ও মতবিনিময়ের কোনো পরিবেশ নেই।
সোনিয়ার মতে, ভারতের বহুত্ববাদী ও ধর্মনিরপেক্ষ চেতনা বর্তমানে চ্যালেঞ্জের মুখে। সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বিজেপির উত্থানের পেছনে কংগ্রেসের নিজস্ব রাজনৈতিক ব্যর্থতাও রয়েছে বলে স্বীকার করেছেন।
সাক্ষাতকারে নিজের আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ নিয়েও কথা বলেছেন সোনিয়া। বইটিতে ব্যক্তিগত জীবন, রাজীবের সঙ্গে প্রেম, ইন্দিরা গান্ধীর পরিবারের সঙ্গে তার সম্পর্ক এবং রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।
এছাড়াও ২০০৪ সালে কংগ্রেস নির্বাচনে জয়ী হওয়ার পরও প্রধানমন্ত্রীর পদ গ্রহণ না করার সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত অনীহার কথা জানিয়েছেন সোনিয়া।
তিনি বলেন, ‘রাজনীতির প্রতি কখনোই বিশেষ আগ্রহ ছিল না। বরং রাজনীতিকে তিনি উচ্চাকাঙ্ক্ষা, লোভ ও ভণ্ডামিতে পরিপূর্ণ একটি বিপজ্জনক জগৎ হিসেবে দেখতাম। তবে ১৯৯৮ সালে কংগ্রেসের সংকটময় পরিস্থিতিতে দলের দায়িত্ব নিতে বাধ্য হয়েছিলাম।
সাক্ষাৎকারের শেষ দিকে ভারতের তরুণ প্রজন্মের আন্দোলন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন সোনিয়া।
তিনি বলেন, ‘ভয় উপেক্ষা করে তরুণদের প্রতিবাদে অংশ নেওয়া দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।’
সূত্র: দ্য গার্ডিয়ান, ডেইলি ভাস্কর
এমএইচআর




