বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

ইরানে আর হামলার কোনো প্রয়োজন নেই: মার্কো রুবিও

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১০:৫২ এএম

শেয়ার করুন:

ইরানে আর হামলার কোনো প্রয়োজন নেই: মার্কো রুবিও

মার্কিন শীর্ষ কূটনীতিক মার্কো রুবিও মঙ্গলবার (১০ নভেম্বর) বলেছেন, ইরানের ওপর নতুন করে হামলা চালানোর কোনো প্রয়োজন তিনি দেখছেন না। 

কারণ, যুদ্ধ অবসানের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে এবং তেহরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে। খবর আরব নিউজের।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আট মাস ধরে চলা এই যুদ্ধ সমাধানের ক্ষেত্রে একটি “ইতিবাচক গতি” লক্ষ্য করছেন বলে জানানোর কয়েক ঘণ্টা পরই রুবিও বলেন, ইরানের অর্থনীতির ওপর যুক্তরাষ্ট্রের কঠোর চাপ প্রয়োগের ফলে নতুন করে হামলার আর প্রয়োজন নেই।

প্যারিসে জি-৭ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অভিযান এতটাই ধ্বংসাত্মক যে, এই মুহূর্তে বড় ধরনের সামরিক অভিযানের কোনো প্রয়োজন নেই। আমি আজ এখানে আমাদের মিত্রদেরও এ কথাই বলেছি।”

উপসাগরীয় অঞ্চলের জ্বালানি পরিবহনের প্রধান পথ হরমুজ প্রণালিকে অবরুদ্ধ করার ইরানের প্রচেষ্টার ফলে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। গত সপ্তাহে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান দলের বিপর্যয়ের পেছনে এটি একটি বড় কারণ ছিল।

এর জবাবে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে। এছাড়া আগস্ট মাসে তারা এমন এক “অর্থনৈতিক শ্বাসরোধকারী” অভিযানের ঘোষণা দেয়, যার লক্ষ্য ছিল বহু বছর ধরে নিষেধাজ্ঞার কবলে থাকা ইরানকে আর্থিকভাবে পুরোপুরি অচল করে দেওয়া।

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এই সংঘাত অবসানে আরও জোরালো প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন এবং চলমান অচলাবস্থার কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতির বিষয়ে সতর্ক করেছেন।

প্যারিসে তিনি বলেন, “আমাদের অবশ্যই ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অচলাবস্থা থেকে বেরিয়ে আসতে হবে, যা আমাদের দেশগুলোর জন্য গভীর অর্থনৈতিক সংকট তৈরি করছে।”

তিনি আরও বলেন, “এই সংঘাতের অবসান ঘটাতে, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে এবং হরমুজ প্রণালিকে পুনরায় পুরোপুরি সচল করতে আমাদের সর্বাত্মক কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে।”

রিপাবলিকানদের পরাজয়ের পর ওয়াশিংটন নতুন করে হামলার হুমকি কিছুটা কমিয়ে এনেছে বলে মনে হচ্ছে। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু—যিনি ট্রাম্পের সঙ্গে মিলে এই যুদ্ধ শুরু করেছিলেন এবং সম্প্রতি “ইরানের অস্তিত্ব চিরতরে নির্মূল করার” পক্ষে জোরালো অবস্থান নিয়েছিলেন—তিনিও সম্ভবত পরিবর্তিত কূটনৈতিক বাস্তবতাকে স্বীকার করে নিয়েছেন।

মঙ্গলবার তিনি বলেন, “খুব অদূর ভবিষ্যতে আমাদের আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হতে পারে, যেখানে পারমাণবিক অস্ত্রধারী ইরানকে মেনে নিতে বলা হবে এবং এমন একটি সন্ত্রাসী শাসনব্যবস্থাকে টিকিয়ে রাখার কথা বলা হবে, যারা আমাদের ধ্বংস করতে চায়।”

তেহরান জানিয়েছে, ওয়াশিংটন যদি বেশ কিছু শর্ত মেনে নেয়, তবে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার যে প্রস্তাব তারা দিয়েছিল, তা এখনো কার্যকর রয়েছে।

ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে—সব ফ্রন্টে যুদ্ধের অবসান, জব্দকৃত সম্পদ মুক্ত করা, তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার করা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সংবাদ সংস্থা ইরনাকে বলেছেন, ইরানের সঙ্গে সংঘাত সামরিক উপায়ে বা নিষেধাজ্ঞা আরও কঠোর করার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।

Robio

এর একমাত্র সমাধান হলো—পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ ভাষা ব্যবহার করা, কূটনীতির পথে হাঁটা এবং ইরানের দাবি ও শর্তগুলো পূরণ করা, যে শর্তগুলো দুই দিনের ওই প্রস্তাবে উল্লেখ করা হয়েছিল এবং যা এখনো আলোচনার টেবিলে রয়েছে।

ইতিমধ্যে, এই প্রণালী ও এর আশপাশের এলাকায় জাহাজগুলোর ওপর হামলা অব্যাহত রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘অ্যাডনক’ মঙ্গলবার জানিয়েছে, তাদের একটি জাহাজ আমিরাতের জলসীমায় হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, ব্রিটিশ সামুদ্রিক সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ওমান উপকূলের কাছে একটি ট্যাঙ্কারে ‘অজ্ঞাত কোনো প্রজেক্টাইল’ (বস্তু) আঘাত হেনেছে।

ইরানের রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, হরমুজ প্রণালিতে তিনটি তেল ট্যাঙ্কারে আগুন লেগেছে, তবে এগুলো সেই একই জাহাজ কি না, তা স্পষ্ট নয়।

গত সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। তবে তিনি আরও বলেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্ররা যেহেতু “বর্তমান পরিস্থিতি বজায় রাখতে” আগ্রহী, তাই নতুন করে হামলার সম্ভাবনা “খুবই কম”।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “আমরা এই সংঘাত অবসানের দিকে ইতিবাচক গতি দেখতে পাচ্ছি। আমরা নিশ্চিত করব যেন সব সময় আমেরিকার স্বার্থ সুরক্ষিত থাকে।”

কাতার ও পাকিস্তান এই যুদ্ধ অবসানের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার মধ্য দিয়ে এই সংঘাতের সূত্রপাত হয়েছিল।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ইব্রাহিম আল-হাশমি নিশ্চিত করেছেন যে, আলোচনার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।

একটি নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, “মধ্যস্থতাকারী পক্ষ উভয় পক্ষের অবস্থানের মধ্যকার দূরত্ব কমিয়ে আনার জন্য নিরলস ও আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।” 

তিনি আরও যোগ করেন, “আমরা আশাবাদী।” ইরানি রাজনৈতিক বিশ্লেষক আলি বিগদেলি বলেছেন, মার্কিন নির্বাচনের ফলাফল সম্ভবত “ইরানের নমনীয়তাকে কিছুটা কমিয়ে দিয়েছে, অন্যদিকে আমেরিকানরা আরও নমনীয় হয়ে উঠেছে।”

তিনি উল্লেখ করেন যে, ইরানের শর্তগুলো “যুক্তরাষ্ট্রের মেনে নেওয়া বেশ কঠিন” তবে তিনি যোগ করেন যে “সরাসরি আলোচনায়” বসলে হয়তো কোনো ফল পাওয়া যেতে পারে।

ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই ওয়াশিংটনকে ইরানের দাবিগুলোর কাছে “আত্মসমর্পণ” করার আহ্বান জানিয়েছেন।

তিনি ‘এক্স’-এ লিখেছেন, “ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতিমধ্যে মার্কিন সরকারকে ধ্বংস করে ফেলেছে। কিন্তু ওয়াশিংটন এখন একজন মরিয়া জুয়াড়ির মতো আচরণ করছে। এবার হার মেনে নিন।”


-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর