ইসরায়েলের ২৬তম পার্লামেন্ট নেসেটের নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেছেন। এর মধ্যে দিয়ে দখলদার রাষ্ট্রটির সরকার গঠন ও ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে নতুন অধ্যায় শুরু হলো।
মঙ্গলবার (১০ নভেম্বর) জেরুজালেমে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১২০ জন আইনপ্রণেতা শপথ নেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বিদায়ী পার্লামেন্ট স্পিকার আমির ওহানা। প্রেসিডেন্ট হারজগের বক্তব্যের পর একে একে সব আইনপ্রণেতা শপথ নেন।
নতুন পার্লামেন্টের ১২০ সদস্যের মধ্যে ৪৬ জন প্রথমবারের মতো আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন। এছাড়া এবার পার্লামেন্টে নারী সদস্যের সংখ্যা রেকর্ড ৩৩ জন।
শপথ অনুষ্ঠানে বক্তব্যে প্রেসিডেন্ট হারজগ জাতীয় ঐক্য, সমঝোতা ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, ইসরায়েলের মানুষ স্বাভাবিক জীবন, নিরাপত্তা ও শান্তির জন্য অপেক্ষা করছে। আরেকটি নির্বাচন এড়াতে আইনপ্রণেতাদের সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানান তিনি।
এদিকে নতুন পার্লামেন্ট গঠনের মধ্য দিয়ে ইসরায়েলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। নির্বাচনের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। অন্যদিকে বিরোধী নেতা গাদি আইজেনকোট নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন।
আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিজেদের সমর্থিত ব্যক্তিদের বসানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ইয়াশার পার্টির মাতান কাহানাকে পরবর্তী স্পিকার করার বিষয়ে সমঝোতা হয়েছে।
এদিকে আভিগদর লিবারম্যানকে পার্লামেন্টের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির প্রধান করার পরিকল্পনা করা হয়েছে। অর্থবিষয়ক কমিটির দায়িত্ব দেওয়া হতে পারে লিরান আভিশার বেন-হোরিনকে।
তবে নতুন পার্লামেন্টে কোনো পক্ষের একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার গঠন নিয়ে আলোচনা ও দর-কষাকষি অব্যাহত রয়েছে।
আইজেনকোটকে সরকার গঠনের জন্য প্রাথমিকভাবে ২৮ দিন সময় দিয়েছেন প্রেসিডেন্ট হারজোগ। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমএইচআর




