মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকার ভিডিও দিল্লি বলে প্রচার চীনা নাগরিকদের, উদ্বেগ জানাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম

শেয়ার করুন:

ঢাকার ভিডিও দিল্লি বলে প্রচার চীনা নাগরিকদের, উদ্বেগ জানাল ভারত

বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন দরিদ্র এলাকার ভিডিও ধারণ করে সেগুলোকে ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য বলে প্রচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। 

মঙ্গলবার (১০ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ প্রতিক্রিয়া জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো ভারতের নজরে এসেছে। কোনো দেশকে বিকৃতভাবে উপস্থাপনের এ ধরনের প্রচেষ্টা দুর্ভাগ্যজনক। ঢাকার বিভিন্ন এলাকাকে দিল্লি হিসেবে উপস্থাপনের জন্য বিদেশি ব্যক্তিদের ব্যবহার করার যে অভিযোগ উঠেছে, তা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিশ্বাসযোগ্যতাকেই ক্ষুণ্ন করে’।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে জয়সওয়াল বলেন, ‘আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

প্রসঙ্গত, দৈনিক প্রথম আলোর এক অনুসন্ধানী প্রতিবেদনের সূত্র ধরে বিষয়টি সামনে আসে। ওই প্রতিবেদনে বলা হয়, প্রায় ১৫০ জন চীনা নাগরিক ঢাকার বিভিন্ন দরিদ্র এলাকায় ঘুরে ভিডিও ধারণ ও সরাসরি সম্প্রচার করছেন। এসব ভিডিও চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে সেগুলোকে ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য বলে দাবি করা হচ্ছে।

প্রতিবেদন আরও বলা হয়, রাজধানীর উত্তরা ও তেকপাড়া এলাকায় এসব ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। ভিডিওতে স্থানীয় মানুষের জীবনযাত্রা, বাসাবাড়ি ও পরিবেশ নিয়ে অবমাননাকর মন্তব্য করতেও দেখা গেছে কয়েকজনকে।

চীনের উইচ্যাট ও ডুইনের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও প্রচার করা হচ্ছিল বলে জানা গেছে। ভিডিও ধারণের সময় কয়েকটি ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের অনুমতি ছাড়াই বাড়িঘর, রান্নাঘর ও ব্যক্তিগত জায়গায় প্রবেশের অভিযোগও উঠেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব বিদেশি নাগরিককে বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া ও ভিডিও ধারণে সহায়তা করছিলেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। এ কাজে তাদের দৈনিক ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত দেওয়া হতো বলে অভিযোগ রয়েছে।

এদিকে উত্তরার স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ ধরনের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। স্থানীয় পুলিশও এলাকায় বিদেশি নাগরিকদের ভিডিও ধারণ করতে দেখার বিষয়টি স্বীকার করেছে। তবে এসব কর্মকাণ্ডের প্রকৃত উদ্দেশ্য কী, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: আউটলুক ইন্ডিয়া

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর