মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

মেয়ের বিয়েতে চার লাখ অতিথিকে আমন্ত্রণ জানালেন নেতা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

শেয়ার করুন:

মেয়ের বিয়েতে চার লাখ অতিথিকে আমন্ত্রণ জানালেন নেতা
বিধায়ক অনন্ত সিং ও তার ছোট মেয়ে শিবাঙ্গী সিং।

মেয়ের বিয়েতে প্রায় চার লাখ অতিথিকে আমন্ত্রণ জানিয়ে আলোচনায় এসেছেন ভারতের বিহার রাজ্যের মকামা আসনের বিধায়ক অনন্ত সিং। শুধু অতিথি আমন্ত্রণই নয়, বিয়েকে স্মরণীয় করে রাখতে থাকছে ঘোড়দৌড় প্রতিযোগিতা, বিলাসবহুল গাড়ি উপহার, ১৫০টির বেশি পদের খাবার এবং বলিউড ও ভোজপুরি তারকাদের পরিবেশনা। বিশাল এই আয়োজন ঘিরে ইতিমধ্যে বিহারজুড়ে আলোচনা শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী ২৫ নভেম্বর ‘বাহুবলী’ হিসেবে পরিচিত অনন্ত সিংয়ের ছোট মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ে। পাত্র ঋষিকেশ কুমার, যিনি অঙ্কিত নামেও পরিচিত। পাটনার বিহতা এলাকার কৃষ্ণনগরে বাসিন্দা ঋষিকেশ যুক্তরাষ্ট্রে প্রায় ১১ বছর বসবাস করেছেন এবং এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

প্রতিবেদন বলা হয়, বিয়ের অনুষ্ঠান হবে অনন্ত সিংয়ের পৈতৃক গ্রাম লাদমায়। এ উপলক্ষে ১০ বিঘার বেশি জমিতে তৈরি করা হচ্ছে বিয়ের মঞ্চ ও বিশাল প্যান্ডেল। অতিথিদের খাবারের জন্য প্রায় চার লাখ মানুষের প্রস্তুতি রাখা হচ্ছে। অতিথির সংখ্যা আরও বাড়লে সে অনুযায়ী খাবারের ব্যবস্থা করার কথাও জানিয়েছেন আয়োজকেরা।

খাবারের তালিকায় থাকছে ১৫০টির বেশি পদ। বিহারের ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় খাবার পরিবেশন করা হবে। মিষ্টির তালিকায় থাকছে কাজু কাটলি ও বিহারের বিখ্যাত সিলাও খাজা।

বিয়ের আয়োজনের অন্যতম আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার বিজয়ীকে দেওয়া হবে একটি মাহিন্দ্রা থার গাড়ি। দ্বিতীয় স্থান অর্জনকারী পাবেন একটি মোটরসাইকেল। এ জন্য দেশের বিভিন্ন স্থান থেকে ঘোড়া আনার প্রস্তুতি চলছে।

এদিকে বিয়েতে বরের জন্য প্রায় তিন কোটি রুপি মূল্যের একটি ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়ি উপহার দেওয়া হবে বলে জানা গেছে। পাশাপাশি অনন্ত সিংয়ের ছোট ছেলে অভিনবের জন্য প্রায় এক কোটি রুপি মূল্যের একটি বিএমডব্লিউ গাড়ির ব্যবস্থা করা হয়েছে। একই দিনে তার উপনয়ন অনুষ্ঠানও আয়োজন করা হবে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিয়েতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিহারের সাবেক মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব ও তেজস্বী যাদবকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছেন অনন্ত সিং। 

এছাড়া অভিনেতা সোনু সুদ, মনোজ তিওয়ারি, ভোজপুরি তারকা পবন সিং ও অক্ষরা সিং এবং সংগীতশিল্পী মৈথিলী ঠাকুরসহ বিনোদনজগতের অনেককে আমন্ত্রণ জানানো হয়েছে। 

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া স্বাক্ষাতকারে অনন্ত সিং বলেন, ‘বিয়েতে রাজনৈতিক দল বা মতের কোনো বিভেদ থাকবে না। শুধু বিহার থেকেই নয়, সারা ভারত ও পাকিস্তান থেকেও মানুষ আসবে... শাসক ও বিরোধী উভয় দলের রাজনীতিবিদদেরই আমন্ত্রণ জানানো হয়েছে। বিয়েতে কোনো শাসক বা বিরোধী দল থাকে না। শিল্পীরাও আসছেন... প্রধানমন্ত্রী মোদিকেও আমন্ত্রণপত্র দেওয়া হবে।’

এদিকে এই বিয়ের আয়োজনের মাত্র ৬ দিন পরই একটি হত্যা মামলায় আদালতের নির্দেশে আত্মসমর্পণ করার কথা রয়েছে অনন্ত সিংয়ের। 

তার বিরুদ্ধে ২০২৫ সালের অক্টোবরে দুলারচাঁদ যাদব নামে এক ব্যক্তিকে হত্যার পরিকল্পনার অভিযোগ রয়েছে। এ মামলায় ভারতের সুপ্রিম কোর্ট তাকে ১ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। 

এর আগে নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেড (জেডিইউ) দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করে।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর