মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

বুলগেরিয়ায় ঘন কুয়াশায় একসঙ্গে ৫০ গাড়ির সংঘর্ষ, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

শেয়ার করুন:

বুলগেরিয়ায় ঘন কুয়াশায় একসঙ্গে ৫০ গাড়ির সংঘর্ষ, নিহত ১১

ইউরোপের দেশ বুলগেরিয়ায় পূর্বাঞ্চলে একটি মহাসড়কে ঘন কুয়াশার কারণে প্রায় ৫০টি গাড়ি ও ভারী যানবাহনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৫০ জন। 

মঙ্গলবার (১০ নভেম্বর) দেশটির রাজধানী সোফিয়া থেকে কৃষ্ণসাগর উপকূলের বুরগাস শহরগামী এ১ মহাসড়কে ইয়ামবোল শহরের কাছাকাছি এলাকা এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই পুলিশ, দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্সকর্মীরা উদ্ধারকাজ শুরু করেন।

স্থানীয় গণমাধ্যমের প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় একের পর এক যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অসংখ্য গাড়ি ও ট্রাক দুমড়েমুচড়ে গেছে। মহাসড়কের একাধিক লেনজুড়ে ছড়িয়ে রয়েছে দুর্ঘটনাকবলিত যানবাহন।

Bulgaria

বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেভ দুর্ঘটনায় ১১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য বিমানও মোতায়েনের কথা জানিয়েছেন তিনি। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আহত প্রায় ৫০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত প্রধান সচিব লিউবোমির নিকোলভ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুরগাসগামী সড়কের পাশে একটি বাস ও ট্রাকের সংঘর্ষের মধ্য দিয়ে দুর্ঘটনার সূত্রপাত হয়। পরে একের পর এক যানবাহন এতে জড়িয়ে পড়ে।

Bulgaria

দুর্ঘটনার কারণে মহাসড়কটির উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধার অভিযান শেষ হওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বুলগেরিয়া সফর সংক্ষিপ্ত করার ঘোষণা দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উদ্ধারকর্মীদের প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

সূত্র: রয়টার্স

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর