মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

অজিত দোভালকে তলব করল মার্কিন আদালত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

অজিত দোভালকে তলব করল মার্কিন আদালত

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র’)-এর সাবেক প্রদান সামন্ত গোয়েলকে তলব করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। 

ইতোমধ্যে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে তাদের কাছে তলবের নোটিশ বা সমন পৌঁছেও দেওয়া হয়েছে।

ভারতের ওয়ান্টেড তালিকায় থাকা এবং খালিস্তানপন্থি নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী শিখস ফর জাস্টিসের শীর্ষ নেতা গুরপতবন্ত সিং পান্নুনের করা একটি একটি দিওয়ানি মামলার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে এই সমন পাঠানো হয়েছে। মামলায় অজিত দোভাল এবং সামন্ত গোয়েল বিবাদির তালিকায় আছেন।

মামলার বাদি গুরপতবন্ত সিং পান্নুন। অভিযোগপত্র অনুযায়ী অজিত দোভাল ‘র’-কে ব্যবহার করে তাকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন এবং কথিত এ প্রাণনাশের প্রচেষ্টার ঘটনায় ক্ষতিপূরণ দাবি করেছেন পান্নুন। এটি একটি দেওয়ানি মামলা।

উল্লেখ্য, ভারতের সরকার বেশ কয়েক বছর আগে পান্নুনকে একজন ‘সন্ত্রাসী’ এবং তার সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে)-কে একটি ‘বেআইনি সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে। 

এই সংগঠন ও এর সদস্যরা ‘খলিস্তান’ আন্দোলনের সঙ্গে যুক্ত এবং তারা যুক্তরাষ্ট্র ও কানাডায় বেশ সক্রিয়। তারা ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে সহিংসতা উসকে দিয়েছে এবং ভারতে হামলার হুমকিও দিয়েছে।

এই আন্দোলনের লক্ষ্য হলো ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে ‘খলিস্তান’ নামে একটি শিখ রাষ্ট্র গঠন করা। নব্বইয়ের দশকে স্তিমিত হওয়ার আগে, পাঞ্জাবে এই আন্দোলনের জেরে কয়েক দশক ধরে রক্তক্ষয়ী বিদ্রোহ চলেছিল। 

এরপর থেকে এই আন্দোলনের বিভিন্ন গোষ্ঠী ও নেতারা বিদেশে—বিশেষ করে কানাডায়—নিরাপদ আশ্রয় খুঁজে নিয়েছেন এবং সেখান থেকেই তাদের বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

পান্নুনের এই দেওয়ানি মামলাটি এমন সময়ে এল, যখন মার্কিন বিচার বিভাগ (ডিওজে) তাকে হত্যার কথিত ষড়যন্ত্রের ঘটনায় একটি মামলা পরিচালনা করছে।

তবে নতুন এই দেওয়ানি মামলাটি মূলত নিখিল গুপ্তা নামের এক ভারতীয় মাদক ও অস্ত্র চোরাকারবারিকে নিয়ে মার্কিন বিচার বিভাগের তদন্ত থেকে উদ্ভূত হয়েছে। ২০২৩ সালে চেক প্রজাতন্ত্রে গ্রেফতার হওয়ার পর তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়।

মার্কিন বিচার বিভাগ নিখিল গুপ্তার বিরুদ্ধে পান্নুনকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের ষড়যন্ত্রের অভিযোগ এনেছে। 

অভিযোগে বলা হয়েছে, নিখিল গুপ্তা বিকাশ যাদব সেই সময়ে ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’ এর সঙ্গে যুক্ত ছিলেন এবং অন্যান্য ষড়যন্ত্রকারীদের সঙ্গে মিলে এই পরিকল্পনা করেছিলেন।

চলতি বছরের শুরুর দিকে নিখিল গুপ্তা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ স্বীকার করে নিয়েছেন। এই মাসের শেষের দিকে তার সাজা ঘোষণার কথা রয়েছে।

যদিও ভারত সরকার এই হত্যাকাণ্ডের ঘটনায় মার্কিন সরকারের উত্থাপিত বিষয়গুলো খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করেছে এবং যাদবের বিরুদ্ধে বর্তমানে ভারতের একটি আদালতে মামলা চলছে, তবুও ভারত পান্নুনের দায়ের করা দেওয়ানি মামলাটিকে ‘অযৌক্তিক ও ভিত্তিহীন’ বলে খারিজ করে দিয়েছে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর