যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা এবং উত্তেজনা কমার সম্ভাবনায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমেছে। গত আগস্টের পর এই প্রথম দাম এ পর্যায়ে পৌঁছাল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল প্রথম সেশনে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৭০ ডলারে নেমে যায়, যা গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন।
তবে পরে দাম কিছুটা ঘুরে দাঁড়ায়। মঙ্গলবার সকাল ৭টা ৫৯ মিনিট (গ্রিনিচ মান সময়) ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি ৯০ দশমিক ৯৯ ডলারে লেনদেন হচ্ছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ২০ ডলারে নেমে আসে।
এর আগে সোমবার (৯ নভেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৮৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৫৭ ডলারে দাঁড়ায়। মঙ্গলবারও দরপতনের ধারা অব্যাহত থাকে।
বিশ্লেষকরা বলছেন, তেলের দাম কমার পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানের পরিবর্তন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা থেকে সরে থাকছে ওয়াশিংটন। আঞ্চলিক কয়েকটি দেশের নেতাদের আহ্বানের পর তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ট্রাম্পের এমন বক্তব্যে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাত এবং জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা কিছুটা কমেছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর চাপ তৈরি হয়েছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘বাজার এখনো ইরানকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনামূলক নমনীয় অবস্থানকেই বেশি গুরুত্ব দিচ্ছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর থেকে ইরান ইস্যুতে ট্রাম্পের বক্তব্যে এই নমনীয়তা দেখা যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘হরমুজ প্রণালির আশপাশে জাহাজ চলাচলের ওপর হামলার ঘটনা এখনো ঘটছে। তবে পরিস্থিতি এমনভাবে বাড়েনি, যাতে বাজারে নতুন করে ঝুঁকির কারণে তেলের দাম বাড়তি হারে বেড়ে যায়।’
এদিকে রয়টার্সের এক জরিপে দেখা গেছে, ব্যাপক রফতানি বাধা সত্ত্বেও অক্টোবরে সৌদি আরব, কুয়েত ও ইরাকসহ ওপেকভুক্ত দেশগুলোর তেলের উৎপাদন বেড়েছে।
সূত্র: রয়টার্স
এমএইচআর




