মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ এএম

শেয়ার করুন:

তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৬
ছবি: সংগৃহীত

তুরস্কের পশ্চিমাঞ্চলের একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। 

সোমবার (৯ নভেম্বর) দুপুরে এজিয়ান সাগরের তীরে অবস্থিত পশ্চিম তুরস্কের ইজমিরের কাছে আলিয়াগা এলাকার হাবাস কারখানায় এ বিস্ফোরণ ঘটে।

ঘটনাটিতে হতাহতের খবর জানিয়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান তদন্তের ঘোষণা দিয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে ঘটনাটিতে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ইজমিরের গভর্নর জানিয়েছেন, কারখানায় নতুন একটি বয়লার পরিবর্তনের কাজ চলছিল। এ জন্য একটি ওভারহেড বড় ক্রেন ব্যবহার করা হচ্ছিল। কাজের একপর্যায়ে ক্রেনটি বড় একটি শিল্প চুল্লির ওপর পড়ে গেলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

ইজমিরের মেয়র সেমিল তুগায় বলেছেন, ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ না হওয়া পর্যন্ত নিহত ও আহতের প্রকৃত সংখ্যা জানা সম্ভব হবে না।

প্রত্যক্ষদর্শী দেনিজ উলকার বলেছেন, বিস্ফোরণটি তার কাছে ‘ভূমিকম্পের’ মতো মনে হয়েছিল। তিনি আরও বলেন, আমি যখন রাস্তার ওপাশে থাকা কারখানাটির দিকে তাকালাম, তখন সেখান থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছিল। চিমনির কাছে আগুন লেগে গিয়েছিল।

শ্রমিক সংগঠনগুলো বলছে, কারখানাটিতে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা-সংক্রান্ত নানা সমস্যা রয়েছে।

এদিকে স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ জানিয়েছে, কর্মক্ষেত্রে দুর্ঘটনা তুরস্কের দীর্ঘদিনের একটি গুরুতর সমস্যা। দেশটির শিল্পকারখানাগুলোতে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে এই প্রাণঘাতী ঘটনা।

তুরস্কের লেবার পার্টির (ইজমির শাখা) পক্ষ থেকে বলা হয়েছে, গত তিন সপ্তাহের মধ্যে কারখানাটিতে এটি ছিল ‘তৃতীয় প্রাণঘাতী দুর্ঘটনা’। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দলটি সতর্ক করে বলেছে, গত ১০ বছরে কারখানাটিতে দুর্ঘটনায় সাতজন কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া সেখানে রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা এবং নিরাপত্তার মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না।

ইউরোপীয় ইউনিয়ন ও আজারবাইজানসহ বেশ কয়েকটি পক্ষ এ ঘটনায় শোক প্রকাশ করেছে।

এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর