ইউরোপর দেশ স্পেনে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
রোববার (৮ নভেম্বর) সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির সরকারি সংবাদ সংস্থা এপিএস জানিয়েছে, সেনেগালের রাজধানী ডাকারের প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে বেমের বিভাগের লুমপুল উপকূলীয় বালিয়াড়ির কাছে অভিবাসীবাহী ছোট কাঠের নৌকাটি ডুবে যায়। এটি উত্তর সেনেগালের সেন্ট-লুই থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেছিল।
সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, দুর্ঘটনার পর ২১ জনের মরদেহ এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়। পরে উদ্ধার অভিযানে আরও ১৮ জনের মরদেহ পাওয়া যায়, এতে মৃতের সংখ্যা অন্তত ৩৯-এ পৌঁছায়।
মানবাধিকার সংগঠন অ্যাকশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রেন্ডশিপও (এডিএইচএ) এ সংখ্যা নিশ্চিত করেছে।
সেনেগালের অভিবাসীবিষয়ক সংগঠন বোজা ফি-এর প্রতিষ্ঠাতা সালিউ দিয়ুফ জানিয়েছেন, নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনো জানা যায়নি। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে অধিকাংশই সেনেগালের নাগরিক রয়েছেন বলে জানান তিনি।
সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা, জীবিত উদ্ধার হওয়াদের চিকিৎসা এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে রাষ্ট্রীয় সব সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এদিকে সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে। শুক্রবার একই ধরনের আরেকটি নৌযান থেকে স্পেনের উদ্দেশ্যে যাত্রা করা ১৪২ জন অভিবাসীকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর আটলান্টিক পথটি বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন রুট হিসেবে পরিচিত। উন্নত জীবন ও কর্মসংস্থানের আশায় প্রতিবছর হাজার হাজার মানুষ প্রায় ৮০০ মাইলের এই বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দেওয়ার চেষ্টা করেন। এ পথে সাম্প্রতিক বছরগুলোতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে, যার মধ্যে এই বছরের প্রথম পাঁচ মাসেই মারা গেছেন ৬৩৫ জন।
সূত্র: এপি
এমএইচআর




