সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

কপ-৩১ সম্মেলন শুরু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

কপ-৩১ সম্মেলন শুরু

বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়তে থাকায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ আরও বাড়ছে। তবে অর্থের সংকট ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এ বিষয়ে বৈশ্বিক সহযোগিতা নিশ্চিত করা কঠিন হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে তুরস্কে শুরু হচ্ছে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ-৩১।

সোমবার (৯ নভেম্বর) ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর আন্তালিয়ার একটি বিশাল প্রদর্শনী কেন্দ্রে আগামী দুই সপ্তাহব্যাপী এ সম্মেলনে ১ লাখের বেশি মানুষের অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা জ্বালানি ব্যবস্থায় দ্রুত পরিবর্তন আনা এবং জলবায়ু সংকটের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে কঠিন আলোচনায় বসবেন।

এবারের কপ-৩১ সম্মেলনের সভাপতিত্ব করছে তুরস্ক। তবে সম্মেলনের আলোচনায় নেতৃত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। সম্মেলনের আয়োজক দেশ নির্ধারণ নিয়ে বিরোধের অবসানে অস্বাভাবিক এক সমঝোতার মাধ্যমে এই ব্যবস্থা করা হয়েছে।

তুরস্ক ও অস্ট্রেলিয়া এবারের সম্মেলনকে ‘বাস্তবায়নের সম্মেলন’ হিসেবে তুলে ধরছে। অর্থাৎ, বছরের পর বছর ধরে দেওয়া প্রতিশ্রুতি ও উচ্চাভিলাষী ঘোষণাগুলোকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়াই হবে এর মূল লক্ষ্য।

আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি তুরস্ক একটি ‘কর্মপরিকল্পনা’ এগিয়ে নিচ্ছে। এর আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থাপনা পর্যন্ত বিভিন্ন বিষয়ে দেশগুলোকে বাধ্যতামূলক নয়, এমন কিছু অঙ্গীকারে যুক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

এই কর্মপরিকল্পনার অন্যতম প্রধান উদ্যোগ হলো বিশ্বব্যাপী বিদ্যুতের ব্যবহার বাড়ানো। বর্তমানে বিশ্বের মোট জ্বালানি চাহিদার প্রায় ২০ শতাংশ বিদ্যুতের মাধ্যমে পূরণ হয়। ২০৩৫ সালের মধ্যে এ হার ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

তবে পর্যবেক্ষকদের ধারণা, সম্মেলনে বড় কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম। কারণ, বিশ্বজুড়ে জ্বালানি তেলের দামের আকস্মিক উল্লম্ফন এবং ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ও ইউক্রেনে রাশিয়ার সংঘাতকে কেন্দ্র করে ভূরাজনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক সহযোগিতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

এদিকে চলতি বছরও জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব অব্যাহত রয়েছে। তীব্র তাপপ্রবাহে ইউরোপের বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত হয়েছে, ইন্দোনেশিয়ায় ছড়িয়ে পড়েছে দাবানল এবং হিমবাহ ধসে নেপালে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

চলতি বছরের শেষ দিকে অত্যন্ত শক্তিশালী এল নিনো জলবায়ু পরিস্থিতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে চরম আবহাওয়ার ঘটনা আরও বাড়তে পারে। এমনকি ২০২৬ বা ২০২৭ সাল রেকর্ড করা ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর হয়ে উঠতে পারে।

ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে উদ্বেগও বাড়ছে। জাতিসংঘ গত সেপ্টেম্বরে সতর্ক করে বলেছে, বৈশ্বিক তাপমাত্রা শিল্পায়ন-পূর্ব সময়ের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়ার পথে রয়েছে। এর ফলে প্যারিস জলবায়ু চুক্তিতে নির্ধারিত সবচেয়ে উচ্চাভিলাষী তাপমাত্রা নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা ভেঙে যেতে পারে।

ইউনিয়ন অব কনসার্নড সায়েন্টিস্টসের জলবায়ু কর্মসূচির পরিচালক র‌্যাচেল ক্লিটাস বলেন, ‘বিশ্বনেতাদের অবশ্যই বিশ্বকে এই বিপর্যয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর অঙ্গীকার করতে হবে। বর্তমান জ্বালানি ব্যয়ের সংকটও এ উদ্যোগের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করেছে।’

এরআগে ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ-২৮ সম্মেলনে দেশগুলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার ঐতিহাসিক অঙ্গীকার করেছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি কীভাবে বাস্তবায়ন করা হবে, তা নিয়ে এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি দেশগুলো।

কপ-৩০ সম্মেলন শেষ হয়েছিল এমন একটি চুক্তির মাধ্যমে, যেখানে জীবাশ্ম জ্বালানির বিষয়ে সরাসরি কোনো উল্লেখ ছিল না। তেল উৎপাদনকারী দেশগুলোর আপত্তির কারণে এ বিষয়ে স্পষ্ট ভাষা রাখা সম্ভব হয়নি।

এর পরিবর্তে ব্রাজিল জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধাপে ধাপে বন্ধ করার বিষয়ে একটি স্বেচ্ছামূলক ‘রোডম্যাপ’ বা পথনকশা তৈরি করেছিল। এতে প্রতিটি দেশকে নিজস্ব পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং চরম আবহাওয়াজনিত দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে উন্নয়নশীল দেশগুলোকে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি পূরণে ইউরোপীয় ইউনিয়নসহ উন্নত দেশগুলোর ওপর চাপ বাড়ছে।

তবে ইইউর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেওয়ার বিষয়ে রাজনৈতিক সদিচ্ছা থাকবে না।

আফ্রিকার দেশগুলো কপ-৩১ সম্মেলনের আলোচ্যসূচিতে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য বরাদ্দ অর্থ তিন গুণ করার বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে।

এই অর্থ দিয়ে দরিদ্র দেশগুলো সমুদ্রের পানি ঠেকাতে বাঁধ নির্মাণ, খরা সহনশীল ফসলের চাষসহ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।

এদিকে জলবায়ু কূটনীতিতে এখনো একটি গুরুত্বপূর্ণ দেশের অনুপস্থিতি রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহার করে নিয়েছেন। পাশাপাশি কপ-৩১ সম্মেলনে অংশ নিতে দেশটির সরকারি কোনো প্রতিনিধিও পাঠাননি।

তবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি প্রতিনিধিদল আন্তালিয়ায় আসবে। গত সপ্তাহের ঐতিহাসিক মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর ডেমোক্র্যাট প্রতিনিধিরা বেশ উচ্ছ্বসিত রয়েছেন।

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর