সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

অবশেষে ট্রাম্পের স্বীকারোক্তি, 'রিপাবলিকানদের ডুবিয়েছে ইসরায়েলপ্রীতি'

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০১:০১ পিএম

শেয়ার করুন:

অবশেষে ট্রাম্পের স্বীকারোক্তি, 'রিপাবলিকানদের ডুবিয়েছে ইসরায়েলপ্রীতি'

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স আগেই স্বীকার করেছেন, দুটি কারণে ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির প্রার্থীদের ভরাডুবি ঘটেছে। প্রথম কারণটি হলো ইরানের সঙ্গে যুদ্ধ এবং দ্বিতীয়টি হলো ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক।

অবশেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ সত্য স্বীকার করে নিলেন। তিনি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির পেছনে ইরানের সঙ্গে যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মার্কিনীদের ইসরায়েলবিরোধী মনোভাবকে দায়ী করেছেন। দ্য জেরুজালেম পোস্টের।

তার দাবি, মার্কিন ভোটারদের একটি বড় অংশের মধ্যে ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছে। এসব কারণই নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ে ভূমিকা রেখেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। আগামী রোববার সাক্ষাৎকারটি প্রচারের কথা রয়েছে। 

সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিক রস ডুথাটের নেওয়া সাক্ষাৎকারে নির্বাচনে দলের পরাজয়ের কারণ নিয়ে বিস্তারিত কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, নির্বাচনে তিনি নিজে প্রার্থী ছিলেন না। তবে কয়েকজন রিপাবলিকান প্রার্থীর পক্ষে জোর প্রচার চালিয়েছিলেন। তিনি মনে করেন, নিজে প্রার্থী হলে নির্বাচনের ফল ভিন্ন হতে পারত।

তবে পরাজয়ের পেছনে অন্য কারণও স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ভোটাররা যুদ্ধ পছন্দ করেননি। জ্বালানির দাম বেড়ে যাওয়াও তাদের অসন্তোষের কারণ হয়েছে।

ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে বলে দাবি করেন ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না।

ইসরায়েলের প্রতি মার্কিনিদের মনোভাব প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশটির প্রতি মানুষের মধ্যে ব্যাপক বিরূপ মনোভাব রয়েছে। যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ইসরায়েলের প্রতি এই অসন্তোষ— এই তিনটি বিষয়ই নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের প্রধান কারণ।

নির্বাচনে পরাজয়ের বিষয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্যের সঙ্গেও একমত পোষণ করেন ট্রাম্প। ভ্যান্স বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কও নির্বাচনে প্রভাব ফেলেছে।

তবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, আবারও একই পরিস্থিতি তৈরি হলে তিনি একই সিদ্ধান্ত নেবেন। কারণ, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যায় না।

ট্রাম্প আরও দাবি করেন, মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছিল। তবে নির্বাচনের কারণে সেই সমঝোতা হয়নি। 

তার ধারণা, নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের ফলে ইরান আলোচনায় আরও সুবিধাজনক অবস্থান পাওয়ার আশা করছে।

ইসরায়েলের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা তুলে ধরে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরাইলের অস্তিত্ব টিকে থাকত না। 

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার সিদ্ধান্তের পক্ষেও সাফাই দেন তিনি। এ ছাড়া সাক্ষাৎকারে অভিবাসননীতি নিয়েও কথা বলেন ট্রাম্প। 

অবৈধ অভিবাসীদের গণহারে বহিষ্কারের নীতি কিছুটা কঠোর হয়ে গেছে বলে স্বীকার করেন তিনি। তার মতে, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে কাজ করা অনেক অভিবাসীকে বহিষ্কার করায় রাজনৈতিকভাবে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর